ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিশ্বকাপ আয়োজনের স্বত্ব বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির পরিকল্পনার বিরুদ্ধে সরব হয়েছিলেন সংস্থাটির প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) কেভিন লামুর। সেই প্রতিবাদের পরিণতি হিসেবে তাকে পদ থেকে অপসারণ করা হয়েছে বলে নিশ্চিত করেছে ফিফা কর্তৃপক্ষ। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ইনফান্তিনো কর্মীদের সঙ্গে প্রতারণা করেছেন—এই অভিযোগ তোলার পরই সংস্থার সঙ্গে লামুরের কাজের সম্পর্ক শেষ হয়ে যায়।

ফিফার এক মুখপাত্র জানিয়েছেন, লামুরের সঙ্গে কাজের সম্পর্কের অবসান ঘটেছে এবং দুই বছরের সেবার জন্য সংস্থার পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানানো হয়েছে। তবে এই বিষয়ে আর কোনো মন্তব্য করা হবে না বলেও জানানো হয়েছে। এর আগে দ্য টাইমসে প্রকাশিত একটি প্রতিবেদনে উঠে আসে, 'ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ' নামে একটি কোম্পানি গঠন করে বিশ্বকাপসহ ফিফার বড় টুর্নামেন্টগুলো আয়োজনের স্বত্ব বেসরকারি বিনিয়োগকারীদের হাতে তুলে দেওয়ার পরিকল্পনা করছিল ফিফা। পরিকল্পনাটি ফাঁস হয়ে যাওয়ায় ব্যাপক সমালোচনার মুখে পড়ে সংস্থাটি এবং পরে তারা এই পরিকল্পনা থেকে সরে আসে।

গত ৩১ জুলাই বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) দেওয়া এক সাক্ষাৎকারে বিস্ফোরক মন্তব্য করেন লামুর। ৪৬ বছর বয়সী এই ফরাসি কর্মকর্তা অভিযোগ করেন, বেসরকারি বিনিয়োগের মাধ্যমে তহবিল সংগ্রহের প্রচেষ্টায় স্বচ্ছতার অভাব রয়েছে এবং ইনফান্তিনো কর্মীদের সঙ্গে 'প্রতারণা' করেছেন। অতীতে উয়েফায় ইনফান্তিনোর সঙ্গে কাজ করা লামুর সরাসরি বলেছিলেন, 'এটি একজন মানুষের প্রকল্প।' তিনি আরও বলেন, এই প্রকল্প কেবল বন্ধই করা উচিত নয়, বরং ফুটবল প্রশাসনের শীর্ষ নেতাদের সঠিক প্রশ্নগুলো নিজেদের কাছে করার এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে।

এমন বক্তব্যের কারণে তাকে ব্যক্তিগতভাবে ভুগতে হতে পারে—এমন আশঙ্কাও প্রকাশ করেছিলেন লামুর। তার ভাষায়, 'এর অর্থ যদি হয় আমি চাকরি হারাচ্ছি, তবে তাই হোক। আমি সিদ্ধান্তটি বুঝব এবং সম্মান জানাব।' ফিফা মহাসচিব মাতিয়াস গ্রাফস্ট্রোমের পাঠানো মেইলের মাধ্যমে ফিফা কর্মীদের লামুরের বিদায়ের বিষয়টি জানানো হয়। দ্য টাইমসের কাছে পাঠানো একটি পৃথক মেইলে গ্রাফস্ট্রোম লিখেছেন, ফিফা এবং তাদের প্রধান পরিচালন কর্মকর্তা কেভিন লামুর পারস্পরিক সম্মতিতে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

২০২৪ সালের নভেম্বরে ফিফায় যোগ দিয়েছিলেন লামুর। তার বিদায়ের আগে গত জুলাইয়ে একই বিষয় নিয়ে ইনফান্তিনোর জ্যেষ্ঠ উপদেষ্টা কার্লোস কর্দেইরো পদত্যাগ করেন। এদিকে, এই ঘটনার প্রতিক্রিয়ায় ফিফা সভাপতির প্রতি আনুষ্ঠানিক সমর্থন প্রত্যাহার করেছে স্কটিশ ফুটবল অ্যাসোসিয়েশন (এসএফএ)। বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিশ্বকাপসহ ফিফার অন্যান্য টুর্নামেন্ট আয়োজনের স্বত্ব বিক্রির পরিকল্পনার প্রতিক্রিয়ায় তারা এ সিদ্ধান্ত নিয়েছে। তুমুল সমালোচনার কারণে এই পরিকল্পনা পরে বাতিল হলেও ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে প্রশ্ন ওঠে। বিশেষ করে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফার অধীন ফেডারেশনগুলো সোচ্চার হয়ে ওঠে।

আগামী বছর ফিফা কংগ্রেসে সভাপতি পদে ইনফান্তিনোর পুনর্নির্বাচন ঠেকাতে এরই মধ্যে ইংল্যান্ড, আয়ারল্যান্ড, ওয়েলসসহ কয়েকটি ইউরোপীয় ফুটবল ফেডারেশন সমর্থন প্রত্যাহার করে নিয়েছে। এবার তাদের সঙ্গে যোগ দিল স্কটল্যান্ড। এসএফএর প্রধান নির্বাহী ইয়ান ম্যাক্সওয়েল বলেন, 'স্কটিশ এফ এ জিয়ান্নি ইনফান্তিনোকে ভোট দেবে না।' তিনি আরও জানান, তাদের এই অবস্থান উয়েফার সিদ্ধান্তের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং এ অবস্থান থেকে তারা সরে আসবে না।