বার্সেলোনার দীর্ঘদিনের গোলকিপার মার্ক-আন্দ্রে টের স্টেগেন ক্লাব ছেড়েছেন, তবে তা স্থায়ী নয়। আগামী ২০২৬-২৭ মৌসুমের জন্য তাকে ধারে ডাচ ক্লাব আয়াক্স আমস্টারডামে পাঠানো হয়েছে। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে এই বিষয়টি নিশ্চিত করেছে আয়াক্স। তাদের এক বিবৃতিতে জানানো হয়, ‘বার্সেলোনা ও টের স্টেগেনের সঙ্গে সম্পূর্ণ সমঝোতায় পৌঁছেছে আয়াক্স।’৩৪ বছর বয়সী এই জার্মান তারকা বার্সেলোনায় কাটিয়েছেন পুরো এক যুগেরও বেশি সময়। তবে সাম্প্রতিক দুই মৌসুমে তাকে গুরুতর চোটের কারণে মাঠের বাইরে থাকতে হয়েছে। বার্সেলোনার বর্তমান প্রথম পছন্দের গোলকিপার হোয়ান গার্সিয়া নিজের অবস্থান প্রায় পাকা করে ফেলার পর চলতি বছরের জানুয়ারিতেই টের স্টেগেনকে ধারে জিরোনায় পাঠানো হয়েছিল। কিন্তু সেখানেও তার ভাগ্য সুপ্রসন্ন হয়নি। জিরোনার হয়ে দ্বিতীয় ম্যাচেই হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েন তিনি, যা তাকে পুরো মৌসুমের জন্য মাঠের বাইরে রেখেছিল। এই চোটের কারণেই সদ্য শেষ হওয়া বিশ্বকাপেও জার্মানির জাতীয় দলে জায়গা পাননি এই অভিজ্ঞ গোলকিপার।২০১৪ সালে বরুসিয়া মনশেনগ্লাডবাখ থেকে বার্সেলোনায় যোগ দিয়েছিলেন টের স্টেগেন। কাতালান ক্লাবের হয়ে তিনি মোট ৪২৩টি ম্যাচ খেলেছেন। এই সময়ে বার্সেলোনার জার্সিতে তিনি সাতটি লা লিগা শিরোপা ও ২০১৫ সালের উয়েফা চ্যাম্পিয়নস লিগসহ মোট ২০টি ট্রফি জিতেছেন।ডাচ লিগ এরেডিভিসিতে আয়াক্সের বর্তমান অবস্থান খুব একটা ভালো নয়। গত মৌসুমে ৬৩ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে থেকে লিগ শেষ করে তারা, যা ক্লাবের ইতিহাসে যৌথভাবে সর্বনিম্ন পয়েন্ট অর্জনের রেকর্ড। তবে ডাচ প্লে-অফ জিতে উয়েফা কনফারেন্স লিগের বাছাইপর্বে জায়গা করে নিয়েছে রেকর্ড ৩৪ বারের ডাচ চ্যাম্পিয়নরা। বাছাইপর্বের দ্বিতীয় রাউন্ডে সার্বিয়ার ক্লাব ভয়ভোদিনা নোভি সাদককে দুই লেগ মিলিয়ে ৮-২ গোলের ব্যবধানে হারিয়ে তারা তৃতীয় রাউন্ডে পৌঁছেছে। কনফারেন্স লিগের তৃতীয় রাউন্ডে আয়াক্সের প্রতিপক্ষ আইরিশ ক্লাব শেলবোর্ন।আয়াক্সে ধারে গেলেও বার্সেলোনার সঙ্গে টের স্টেগেনের মূল চুক্তির মেয়াদ ২০২৮ সাল পর্যন্ত বহাল রয়েছে।
বার্সেলোনা ছেড়ে আয়াক্সে ধারে যোগ দিলেন টের স্টেগেন
বার্সেলোনার জার্মান গোলকিপার মার্ক-আন্দ্রে টের স্টেগেন ২০২৬-২৭ মৌসুমের জন্য ধারে ডাচ ক্লাব আয়াক্সে যোগ দিয়েছেন। দীর্ঘ এক যুগের সম্পর্ক ছেদ না করে চুক্তির মেয়াদ এখনও ২০২৮ সাল পর্যন্ত বহাল রয়েছে।



