বিশ্বকাপ শেষে আলজেরিয়া জাতীয় ফুটবল দলের কোচ ভ্লাদিমির পেতকোভিচের সঙ্গে সম্পর্কচ্ছেদ ঘোষণা করা হয়েছে। সোমবার দেশটির ফুটবল সংস্থা আনুষ্ঠানিকভাবে এই বসনিয়ান কোচের বিদায়ের বিষয়টি নিশ্চিত করে। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে আলজেরিয়ার দায়িত্ব নেওয়া ৬২ বছর বয়সী পেতকোভিচের চুক্তি বিশ্বকাপ শুরুর আগেই ২০২৮ সাল পর্যন্ত বাড়ানো হয়েছিল। তবে বিশ্বকাপ শেষ হতে না হতেই এই সিদ্ধান্ত নেওয়া হলো।
আলজেরিয়ান ফুটবল ফেডারেশন এক বিজ্ঞপ্তিতে জানায়, জাতীয় দলের প্রধান কোচ ভ্লাদিমির পেতকোভিচ এবং তাঁর কোচিং স্টাফদের সঙ্গে চুক্তি আনুষ্ঠানিকভাবে বাতিল করা হয়েছে। দুই পক্ষের পারস্পরিক সমঝোতার ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয়। ৪৮ দলের বিশ্বকাপে সেরা আটটি তৃতীয় স্থান পাওয়া দলের একটি হিসেবে শেষ ৩২-এ জায়গা করে নিয়েছিল আলজেরিয়া। তবে শেষ ৩২-এ সুইজারল্যান্ডের কাছে ২-০ গোলে হেরে তাদের বিদায় নিতে হয়।
আগামী সেপ্টেম্বরেই ২০২৭ আফ্রিকা কাপ অব নেশনসের (আফকন) বাছাইপর্ব শুরু করবে আলজেরিয়া। ‘আই’ গ্রুপে তাদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে জাম্বিয়া, টোগো ও বুরুন্ডি। এই গুরুত্বপূর্ণ আসরের আগে দলটির নতুন কোচ কে হবেন, তা এখন দেখার বিষয়। পেতকোভিচের অধীনে দলটি বিশ্বকাপে অংশ নিলেও প্রত্যাশিত সাফল্য অর্জন করতে পারেনি।


