নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশের তল্লাশিচৌকির অদূরেই একটি ডাকাতির ঘটনা ঘটেছে। বুধবার রাত ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা টোল প্লাজা সংলগ্ন বক্স এলাকায় এ ঘটনা ঘটে। জাপানপ্রবাসী আরমান (৪০) স্ত্রী, সন্তান ও অন্যান্য আত্মীয়স্বজনকে নিয়ে ফেনী থেকে ঢাকার দিকে যাচ্ছিলেন। সেখান থেকে তাদের জাপানে ফিরে যাওয়ার কথা ছিল।
আরমান জানান, মেঘনা টোল প্লাজার কাছাকাছি পৌঁছালে ৫-৬ জনের ডাকাতদল লেজার লাইটের মাধ্যমে সংকেত দিয়ে তাদের গাড়ি থামায়। তৎক্ষণাৎ চাপাতি, ছুরি ও লোহার রড নিয়ে তারা গাড়ির জানালা ও সাইড মিরর ভাঙচুর করে যাত্রীদের মারধর করে। ডাকাতেরা প্রায় ১৫ ভরি স্বর্ণালংকার, একটি আইফোন ১৬ প্রো ম্যাক্সসহ তিনটি মোবাইল ফোন এবং নগদ ৩০ হাজার টাকা লুট করে পালিয়ে যায়।
ভুক্তভোগীর ভাষ্যমতে, পরিবারের সদস্যদের ব্যবহারের জন্য সঙ্গে রাখা স্বর্ণালংকারের বর্তমান বাজারমূল্য ৩০ লাখ টাকার বেশি। এ ঘটনায় তারা মারাত্মক আতঙ্কগ্রস্ত। নির্ধারিত সময়ে জাপানে ফিরতে পারবেন কি না তা নিয়েও সংশয় তৈরি হয়েছে।
ঘটনার এক প্রত্যক্ষদর্শী মোটরসাইকেল আরোহী জানান, একই পথ দিয়ে যাওয়ার সময় তিনি কয়েকজনকে চাপাতি হাতে দাঁড়িয়ে থাকতে দেখেন। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় তিনি সামনে এগোননি। পরে জানতে পারেন ওই মাইক্রোবাসে ডাকাতি হয়েছে।
কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম শেখ জানান, ঘটনাটি মূল মহাসড়কে নয় বরং মহাসড়কের পাশের একটি নিচু সড়কে ঘটেছে। সোনারগাঁ থানার ওসি গোলাম সারোয়ার বলেন, পুলিশ ঘটনাটি নিয়ে কাজ করছে। এখনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। তবে ঘটনাস্থল থানা-পুলিশের চেকপোস্টের সামনে বলে জেনেছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।




