দেশের অন্যতম আবৃত্তি সংগঠন মুক্তধারা আবৃত্তি চর্চাকেন্দ্রের সপ্তদশ দ্বিবার্ষিক সাধারণ সভা (কাউন্সিল) শুক্রবার রাজধানীর পরিবাগে সংস্কৃতি বিকাশকেন্দ্রের সত্যেন বোস সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। এই সম্মেলনে সংগঠনের সদস্যদের সরাসরি অংশগ্রহণের মাধ্যমে আগামী দুই বছরের জন্য (২০২৬–২৮) নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। সম্মেলনে অংশগ্রহণকারীরা মন্তব্য করেন, আবৃত্তি শুধুমাত্র মঞ্চ পরিবেশন নয়; বরং এটি স্বাধীন চিন্তা, মানবিক মূল্যবোধ এবং সাহিত্য-সংস্কৃতির অগ্রগতিতে অপরিহার্য ভূমিকা রাখে। সেই লক্ষ্য সামনে রেখে আগামী দিনগুলোতে মুক্তধারা আবৃত্তি চর্চাকেন্দ্রের কর্মকাণ্ড আরও প্রসারিত করা, তরুণ প্রজন্মকে আবৃত্তি ও সংস্কৃতি চর্চায় অন্তর্ভুক্ত করা এবং সারা দেশে সাংস্কৃতিক আন্দোলনকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে।

নবনির্বাচিত কমিটিতে নাসিমা খান বকুল সভাপতি এবং মহিউদ্দিন শামীম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন। কমিটির অন্যান্য পদপ্রাপ্তরা হলেন—লুনা সিকদার (সহসভাপতি), রামেন্দু দাস পলাশ (যুগ্ম সাধারণ সম্পাদক), হিমেলঅনার্য (অর্থ সম্পাদক), ফারজানা আফরিন (দপ্তর সম্পাদক) এবং নুরজাহান আক্তার কেয়া (প্রচার ও প্রকাশনা সম্পাদক)। নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন রফিকুল ইসলাম, আনিসা জামান চাঁপা, মাহমুদা সিদ্দিকা সুমি এবং খন্দকার রানা।

নবনির্বাচিত সভাপতি নাসিমা খান বকুল এবং সাধারণ সম্পাদক মহিউদ্দিন শামীম সংগঠনের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেছেন, সবার সম্মিলিত প্রচেষ্টা ও সহযোগিতার মাধ্যমে মুক্তধারা আবৃত্তি চর্চাকেন্দ্রকে আরও শক্তিশালী, সৃজনশীল ও সময়োপযোগী সাংস্কৃতিক প্রতিষ্ঠানে পরিণত করার লক্ষ্যে নতুন কমিটি নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করবে। তারা আশা প্রকাশ করেন যে, সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম দেশের সাংস্কৃতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে এবং আবৃত্তিচর্চায় নতুন মাত্রা যোগ করবে। সম্মেলনে আরও আলোচনা হয় কীভাবে ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে আবৃত্তি সংস্কৃতিকে আরও জনপ্রিয় করা যায় এবং বিভিন্ন জেলায় শাখা সম্প্রসারণের পরিকল্পনা নিয়ে।