বিশ্বকাপের সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচে আর কোনো ইংলিশ রেফারিকে দায়িত্ব দেওয়া হবে না বলে জানিয়েছে ফিফা। ইংলিশ রেফারি মাইকেল অলিভার ও অ্যান্থনি টেলর ইতোমধ্যে বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচ পরিচালনা করে ফেলেছেন। আটলান্টায় আগামী বুধবার বাংলাদেশ সময় রাত একটায় বিশ্বকাপ সেমিফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হবে ইংল্যান্ড। এই ম্যাচ কিংবা ১৯ জুলাইয়ের ফাইনালেও তাঁদের বাঁশি বাজানোর সুযোগ নেই। ফাইনালে ইংল্যান্ড ও আর্জেন্টিনার যেকোনো একটি দল স্পেন বা ফ্রান্সের বিপক্ষে খেলতে পারে।
ফিফার নিয়ম অনুযায়ী কোনো রেফারিই নিজ দেশের ম্যাচে দায়িত্ব পালন করতে পারেন না। পক্ষপাতিত্ব এড়াতেই এই সিদ্ধান্ত। তবে ইংল্যান্ড ও আর্জেন্টিনার মধ্যে দীর্ঘদিনের রাজনৈতিক বৈরী সম্পর্কের কারণেও এই দুই রেফারিকে বাদ দেওয়া হয়েছে। বিশেষ করে ১৯৮২ সালে ফকল্যান্ড যুদ্ধের প্রভাব এখনো ফুটবলে দেখা যাচ্ছে। ওই যুদ্ধে ব্রিটেন ও আর্জেন্টিনার মধ্যে ৯০৭ জন প্রাণ হারিয়েছিলেন। আর্জেন্টিনার খেলোয়াড়দের 'মুচাচোস' গানেও ফকল্যান্ডস দ্বীপপুঞ্জের প্রসঙ্গ ওঠে, যা ব্রিটিশ-শাসিত অঞ্চল।
ইএসপিএন সূত্রে জানা গেছে, রেফারি নিয়োগের সময় প্রতিটি ম্যাচের রাজনৈতিক সংবেদনশীলতা বিবেচনা করা হয়। ২০২২ সালের কাতার বিশ্বকাপেও একই নীতি কার্যকর ছিল। সে সময় আর্জেন্টিনা-ফ্রান্স ফাইনালে রেফারি হওয়ার দৌড় থেকে ছিটকে যান অ্যান্থনি টেলর। তবে ফাইনালে ফ্রান্সের বিপক্ষে ক্রোয়েশিয়া খেললে টেলরের সেই ম্যাচ পাওয়ার সম্ভাবনা ছিল।
এবার বিশ্বকাপে ইংল্যান্ড সেমিফাইনালে ওঠায় আর্জেন্টিনার রেফারি ফাকুন্দো তেল্লোর জন্যও ফাইনালের পথ বন্ধ হয়েছে। এমনকি তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচেও টেলর, অলিভার বা তেল্লোর কেউই দায়িত্ব পাবেন না। স্পেন-ফ্রান্স সেমিফাইনালের রেফারি হিসেবে এল সালভাদরের ইভান বার্টনকে চূড়ান্ত করেছে ফিফা। ইংলিশ রেফারি হিসেবে বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ পরিচালনার হাওয়ার্ড ওয়েবের রেকর্ড এবার অলিভার ভেঙেছেন, কিন্তু সেই কৃতিত্বও তাকে ফাইনালে দাঁড় করাতে পারেনি।

