বাংলাদেশের বাজারে নতুন স্মার্টফোন মডেল রেডমি ১৭ আনুষ্ঠানিকভাবে উন্মোচন করল শাওমি। দীর্ঘস্থায়ী ব্যাটারি ও মজবুত নির্মাণের ওপর জোর দিয়ে ডিভাইসটি সাজানো হয়েছে, যাতে ব্যবহারকারীরা গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোতে নির্ভরযোগ্য পারফরম্যান্স পান। গতকাল শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে প্রতিষ্ঠানটি।

ফোনটির সবচেয়ে বড় আকর্ষণ এর ৭ হাজার ৫০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের সুবিশাল ব্যাটারি। দৈনন্দিন ব্যস্ততায় ভিডিও স্ট্রিমিং, অনলাইন ক্লাস বা গেমিং—যেকোনো কাজেই এই ব্যাটারি ব্যবহারকারীকে স্বস্তি দেবে। প্রতিষ্ঠানটির দাবি, পূর্ণ চার্জে টানা দুই দিনের বেশি সময় ধরে ফোনটি সচল থাকবে। এছাড়া ৪৫ ওয়াট টার্বো চার্জিং প্রযুক্তি থাকায় মাত্র ৪৫ মিনিটে ব্যাটারির ৫০ শতাংশ চার্জ হয়ে যায়, যা জরুরি প্রয়োজনে দারুণ কার্যকর।

নিরাপত্তার বিষয়টিও গুরুত্ব পেয়েছে নতুন এই মডেলে। হঠাৎ হাত থেকে পড়ে যাওয়া বা পেছনের দাগ-ছোপ নিয়ে দুশ্চিন্তা দূর করতে পর্দায় ব্যবহার করা হয়েছে কর্নিং গরিলা গ্লাস ৭আই প্রোটেকশন। ৬.৯ ইঞ্চির বড় পর্দায় ১২০ হার্টজ রিফ্রেশ রেট থাকায় স্ক্রলিং এবং গেমিংয়ের অভিজ্ঞতা হবে অনেক বেশি মসৃণ। শুধু তাই নয়, ধুলা ও পানির ছিটা থেকে রক্ষা পেতে ফোনটিতে আইপি৬৪ ডাস্ট অ্যান্ড স্প্ল্যাশ রেজিস্ট্যান্স রেটিংও যুক্ত করা হয়েছে।

পারফরম্যান্সের দিক থেকে রেডমি ১৭-তে রাখা হয়েছে মিডিয়াটেক হেলিও জি৯১-আলট্রা প্রসেসর এবং শাওমি হাইপারওএস ৩ অপারেটিং সিস্টেম। এই সমন্বয়ের ফলে মাল্টিটাস্কিং, বিনোদন বা নিত্যদিনের বিভিন্ন কাজে ফোনটি চার বছর পর্যন্ত নির্ভরযোগ্য গতি ও স্থিতিশীলতা বজায় রাখবে বলে আশা করছে প্রতিষ্ঠানটি। ফটোগ্রাফির জন্য রয়েছে ৫০ মেগাপিক্সেলের এআই ডুয়াল ক্যামেরা সেটআপ, যা ব্যবহারকারীদের দৈনন্দিন গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো অত্যন্ত স্পষ্টভাবে ধারণ করতে সহায়তা করবে।

নতুন ডিভাইসটির ব্যাপারে শাওমি বাংলাদেশের কান্ট্রি জেনারেল ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী জানান, বর্তমান তরুণ প্রজন্মের কথা মাথায় রেখে এই ফোনটি ডিজাইন করা হয়েছে। দীর্ঘস্থায়ী ব্যাটারি, শক্তিশালী গ্লাস প্রোটেকশন, দ্রুত চার্জিং এবং টেকসই পারফরম্যান্স—এই সবকিছুর সমন্বয়ই রেডমি ১৭-কে একটি নির্ভরযোগ্য স্মার্টফোন হিসেবে গড়ে তুলেছে বলে তিনি মন্তব্য করেন।

রেডমি ১৭ তিনটি রঙের বিকল্পে বাজারে আসছে—ওক গ্রিন, ডিপ ব্লু এবং কালো। স্টোরেজ ভেদে ফোনটির দুইটি ভ্যারিয়েন্ট পাওয়া যাবে। ৪ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজের মডেলটির দাম ২২ হাজার ৯৯৯ টাকা এবং ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজের মডেলটির দাম ২৪ হাজার ৯৯৯ টাকা (ভ্যাট প্রযোজ্য)। দেশের সব শাওমি অনুমোদিত দোকান ও খুচরা বিক্রেতাদের কাছে এখন থেকে ফোনটি কেনা যাবে। মূল্য ও প্রাপ্তিস্থান সম্পর্কে আরও বিস্তারিত তথ্য প্রতিষ্ঠানের ওয়েবসাইট এবং ফেসবুক পেজে পাওয়া যাবে।