আন্তর্জাতিক শ্রম সংস্থার পরিসংখ্যান অনুযায়ী, বর্তমানে বিশ্বব্যাপী বেকারের সংখ্যা ২০ থেকে ২১ কোটি। তবে এই তালিকায় এমন কিছু পরিচিত মুখ রয়েছে, যাদের ‘বেকারত্ব’ অন্যদের থেকে সম্পূর্ণ ভিন্ন মাত্রার। মোহাম্মদ সালাহ, জেডন সানচো, মাউরো ইকার্দি ও দুসান ভ্লাহোভিচ—এই নামগুলো গত এক দশক ধরে ইউরোপের প্রধান স্টেডিয়ামগুলোর আলোয় উদ্ভাসিত। বর্তমানে তারা সবার ‘ফ্রি এজেন্ট’ হিসেবে পরিচিত, অর্থাৎ ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ নন।

এই তালিকার সবচেয়ে আলোচিত নামটি হলেন মোহাম্মদ সালাহ। নয় বছরের অ্যানফিল্ড অধ্যায় শেষ করে তিনি লিভারপুল ত্যাগ করেছেন, যদিও চুক্তির মেয়াদ শেষ হতে আরও এক বছর বাকি ছিল। ২০২৫ সালের এপ্রিলে দুই বছরের নতুন চুক্তি সই করলেও শেষ মৌসুমে কোচ আর্নে স্লটের সঙ্গে তার সমন্বয় ঠিকমত হয়নি। লিভারপুলের হয়ে দুই শতাধিক গোল, দুই প্রিমিয়ার লিগ শিরোপা, একটি চ্যাম্পিয়নস লিগ এবং চারটি গোল্ডেন বুট জয়ের পর সালাহর পরবর্তী গন্তব্য নিয়ে ব্যাপক জল্পনা চলছে। সৌদি প্রো লিগের আল-হিলাল ও আল-ইত্তিহাদ থেকে শুরু করে মার্কিন এমএলএস, এমনকি ফেনেরবাচে ও রোমার মতো ইউরোপীয় ক্লাবও তার পেছনে ছুটছে। বিশ্বকাপে মিসরের হয়ে দারুণ ছন্দে থাকা এই ফরোয়ার্ডের ঠিকানা নির্ধারণ এখন ফুটবল বিশ্বের সবচেয়ে বড় প্রশ্ন।

একইভাবে, আরও দুই স্ট্রাইকারের নতুন ঠিকানা নিয়ে আলোচনা চলছে। জুভেন্টাস ২০২২ সালে ৬৬ মিলিয়ন পাউন্ড খরচ করে দুসান ভ্লাহোভিচকে এনেছিল ইউরোপের সেরা নম্বর নাইন বানানোর স্বপ্নে। সেই সার্বিয়ান স্ট্রাইকার এখন ক্লাবহীন; নতুন চুক্তি নিয়ে আলোচনা ব্যর্থ হয়েছে। অন্যদিকে, গালাতাসারাই ছেড়ে আসা মাউরো ইকার্দির গল্প ভিন্ন। ইন্টার মিলানের সাবেক এই স্ট্রাইকার তুরস্কে চার মৌসুমে ১৩৪ ম্যাচে ৭৭ গোল ও ২৫ অ্যাসিস্ট করেছেন। তবে ২০২৪ সালের নভেম্বরে ডান হাঁটুর এসিএল ছিঁড়ে যাওয়ার ধাক্কা কাটিয়ে উঠতে পারেননি ৩৩ বছর বয়সী এই আর্জেন্টাইন। ইনজুরি ও বয়স—এই দুই চ্যালেঞ্জের মাঝে দাঁড়িয়ে ইকার্দির পরবর্তী অধ্যায় এখনও অনিশ্চিত।

জেডন সানচোর গল্পটি এক বিষণ্ন অধ্যায়ের মতো। একসময়ের বিস্ময় বালক এই ইংলিশ উইঙ্গার ২৬ বছর বয়সেই যেন নিজেকে হারিয়ে ফেলেছেন। ডর্টমুন্ডে তিন মৌসুমে ১২৫ ম্যাচে ১০২ গোল-অ্যাসিস্টের অবদান রেখেছিলেন। এরপর ২০২১ সালে ম্যানচেস্টার ইউনাইটেডে ৭৩ মিলিয়ন পাউন্ডের রেকর্ড ট্রান্সফারে যান। ওল্ড ট্রাফোর্ডে ৮৩ ম্যাচে মাত্র ১২ গোল করেন। পরবর্তীতে ডর্টমুন্ড, চেলসি ও শেষে অ্যাস্টন ভিলায় লোনে কাটানো মৌসুমগুলো তাকে আগের ছন্দে ফিরিয়ে আনতে পারেনি।

প্রতিরক্ষা বিভাগেও একই চিত্র। রিয়াল মাদ্রিদে পাঁচ মৌসুম শেষে ক্লাব ছাড়ছেন ডেভিড আলাবা। চারবারের চ্যাম্পিয়নস লিগ জয়ী এই অস্ট্রিয়ানের অভিজ্ঞতা অনন্য, তবে প্রশ্ন তার ফিটনেস নিয়ে। তার সতীর্থ ও রিয়ালের অধিনায়ক দানি কারভাহালও বর্তমানে ‘বেকার’ তালিকায়। ম্যানচেস্টার সিটিতে এক দশক কাটিয়ে জন স্টোনস মুক্ত হয়েছেন। পেপ গার্দিওলার অধীনে সব জেতা এই ডিফেন্ডারের শেষ মৌসুমটি ইনজুরিতে কেটেছে, এবং শোনা যাচ্ছে তিনি ইন্টার মিলানে যেতে পারেন। আর্সেনাল থেকে অলেকসান্দার জিনশেঙ্কোর নামও তালিকায়, যদিও হাঁটুর লিগামেন্টের চোট তাকে দীর্ঘদিন মাঠের বাইরে রাখতে পারে।

বায়ার্ন মিউনিখে আট বছর কাটিয়ে লিওন গোরেৎস্কা এখন ফ্রি এজেন্ট। ভিনসেন্ট কমপানির অধীনে গত মৌসুমে জায়গা ফিরে পেলেও নতুন চুক্তির জন্য যথেষ্ট মনে করেনি ক্লাব। কলম্বিয়ার হামেস রদ্রিগেজের নামও ঘুরছে—এমএলএসে মিনেসোটা ইউনাইটেডের হয়ে খেলার পর তিনি নতুন ক্লাব খুঁজছেন। এছাড়াও তালিকায় আছেন ব্রাজিলের ফাবিনহো, আইভরি কোস্টের ফ্রাঙ্ক কেসিয়ে, ইংল্যান্ডের জেমি ভার্ডি ও আলজেরিয়ার রিয়াদ মাহরেজ। সম্প্রতি বিশ্বকাপে নরওয়েকে শেষ আটে নিয়ে যাওয়া গোলরক্ষক অরইয়ান নিল্যান্ডও বর্তমানে ক্লাবহীন।