বিশ্বকাপ জয়ের পর নিজের প্রতিশ্রুতি পূরণ করেছেন স্পেনের তারকা ফুটবলার মার্ক কুকুরেয়া। দীর্ঘ ১৬ বছর পর জার্সিতে দ্বিতীয় তারকা যোগ করার আনন্দে এখনো মেতে আছে স্প্যানিশ দল। এরই মধ্যে শুরু হয়েছে বিভিন্ন খেলোয়াড়ের দেওয়া প্রতিশ্রুতি রক্ষার পালা। ফেরান তোরেস, পেদ্রি, গাভি ও লামিনে ইয়ামাল আগেই জানিয়েছিলেন বিশ্বকাপ জিতলে বিশেষ কিছু করবেন। তবে এ পর্যন্ত কেবল কুকুরেয়াই কথা রেখেছেন।
প্রতিশ্রুতি অনুসারে, কুকুরেয়া তাঁর ডান বাহুতে স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তের একটি ট্যাটু করিয়েছেন। ট্যাটুটি আকারে ছোট হলেও এমনভাবে তৈরি করা হয়েছে যাতে সহজেই চোখে পড়ে। এটি তৈরি করেছেন খ্যাতনামা ট্যাটু শিল্পী গাঙ্গা, যাঁর গ্রাহক তালিকায় রয়েছেন লেব্রন জেমস, কার্লোস আলকারাজ ও জর্জিনা রদ্রিগেজের মতো তারকারা। ট্যাটুটিতে বিশ্বকাপ ট্রফি হাতে দে লা ফুয়েন্তের ছবি ফুটিয়ে তোলা হয়েছে।
কুকুরেয়া নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ট্যাটুর ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘প্রতিশ্রুতি রেখেছি।’ এই পোস্টে স্পেন সতীর্থ মিকেল মেরিনো মন্তব্য করেন, ‘ঐতিহাসিক।’ অন্যদিকে টেনিস তারকা কার্লোস আলকারাজ লেখেন, ‘দারুণ!’
বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনাকে হারানোর পর সংবাদ সম্মেলনে কুকুরেয়ার প্রতিশ্রুতি প্রসঙ্গে দে লা ফুয়েন্তের কাছে জানতে চাওয়া হয়েছিল। স্পেন কোচ তখন হাস্যরসের সুরে বলেছিলেন, কুকুরেয়া সঠিক সিদ্ধান্ত নিয়েছেন কি না, তা নিয়ে তাঁর সন্দেহ ছিল। তবে তিনি জানতেন, প্রতিশ্রুতি দিলে কুকুরেয়া তা রক্ষা করবেনই। দে লা ফুয়েন্তে মন্তব্য করেন, ‘ওরা ভুল করেছে। তবে ওরা খুবই দায়িত্বশীল মানুষ, তাই কথা রাখবেই। আমি ওদের জিজ্ঞেসও করেছিলাম, “তোমরা ভুল করছ না তো?” ওরা করেছে, কিন্তু শেষ পর্যন্ত এটা উপভোগই করবে।’
বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের পর বর্তমানে ছুটি উপভোগ করছেন কুকুরেয়া। ছুটি শেষে তিনি যোগ দেবেন রিয়াল মাদ্রিদে। নতুন কোচ জোসে মরিনহোর অধীনে প্রাক-মৌসুম প্রস্তুতি শুরু করবেন এই কাতালান ডিফেন্ডার। বিশ্বকাপের আগে চেলসির হয়ে প্রিমিয়ার লিগে দুর্দান্ত মৌসুম কাটিয়েছিলেন তিনি। রক্ষণে ‘ব্লুজ’দের অন্যতম ভরসা ছিলেন কুকুরেয়া, পাশাপাশি বাঁ প্রান্ত থেকে আক্রমণেও সতীর্থদের দিয়ে পাঁচটি গোল করিয়েছিলেন। তবে বিশ্বকাপে তাঁর অসাধারণ পারফরম্যান্স ও সাফল্য সবকিছুকে ছাড়িয়ে গেছে। সেটিই মূলত রিয়াল মাদ্রিদে দলবদল সম্পন্ন করতে বড় ভূমিকা রেখেছে।




