ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবগুলোর মালিকানার চিত্র ক্রমশ বদলে যাচ্ছে। এক সময় যেখানে এই ক্লাবগুলো স্থানীয় ব্যবসায়ী বা ভক্তদের হাতে থাকত, এখন সেখানে মার্কিন বিনিয়োগকারীদের দাপট স্পষ্ট। বর্তমানে যুক্তরাষ্ট্রের ধনীর্ষ ও বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলো প্রিমিয়ার লিগের অর্ধেকের বেশি দলের মালিকানা বা নিয়ন্ত্রণকারী অংশীদারত্ব কিনে নিয়েছে।

এই প্রবণতা কেন তৈরি হলো, তা গভীরভাবে অনুসন্ধান করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনবিসি। তাদের প্রতিবেদনে উঠে এসেছে, যুক্তরাজ্যের ফুটবল ক্লাবগুলো বর্তমানে মার্কিন ধনীর্ষদের জন্য দীর্ঘমেয়াদি ও আকর্ষণীয় সম্পদ হিসেবে বিবেচিত হচ্ছে। এই ক্লাবগুলোর বৈশ্বিক ভক্তবেস, সম্প্রচার স্বত্ব থেকে আসা বিপুল রাজস্ব এবং দীর্ঘস্থায়ী ব্র্যান্ড ভ্যালু বিনিয়োগকারীদের প্রধান আকর্ষণ।

মার্কিন ক্রীড়া ফ্র্যাঞ্চাইজি মডেলের সাথে এই ক্লাবগুলোর ব্যবসায়িক কাঠামোর মিল খুঁজে পাচ্ছেন বিনিয়োগকারীরা। তাদের ধারণা, যুক্তরাজ্যে ফুটবল ক্লাবে বিনিয়োগ করলে বাণিজ্যিকভাবে সফল হওয়ার পাশাপাশি বৈশ্বিক বাজারে নিজেদের অবস্থান আরও সুসংহত করা সম্ভব। প্রিমিয়ার লিগের বিশাল দর্শকগোষ্ঠী এবং আন্তর্জাতিক পর্যায়ে এর জনপ্রিয়তাও বড় নিয়ামক হিসেবে কাজ করছে।

এই পরিবর্তন ইংলিশ ফুটবলের ঐতিহ্য ও সংস্কৃতিতে কী প্রভাব ফেলবে তা নিয়ে ইতিমধ্যেই নানা আলোচনা শুরু হয়েছে।