চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শেখেরখীল ইউনিয়নের কোনাখালী এলাকা থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় একটি নবজাতক মেয়েশিশুকে উদ্ধার করা হয়েছিল। গত ১৫ জুলাই ভোরে ওই এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করে স্থানীয় একটি অটোরিকশাচালকের পরিবার। প্রথমে তারা স্থানীয় একজন চিকিৎসক ডেকে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন। এরপর শিশুটিকে লালন-পালনের আগ্রহ প্রকাশ করে ওই পরিবারটি। বিষয়টি স্থানীয় সামাজিক সংগঠন 'মায়া সংঘ'-কে জানানো হয়। সংগঠনের সভাপতি গিয়াস উদ্দীন আকবর চৌধুরী জানান, শিশুটিকে উদ্ধারকারী পরিবারটিই তাকে নিজেদের কাছে রাখতে চেয়েছিল। প্রশাসনের সঙ্গে যোগাযোগের পর বিভিন্ন আইনি প্রক্রিয়া সম্পন্ন করে গত শুক্রবার একটি অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শিশুটিকে তাদের কাছে হস্তান্তর করা হয়। অটোরিকশাচালক ও তাঁর স্ত্রী জানান, প্রায় দুই সপ্তাহ ধরে শিশুটিকে লালন-পালন করার ফলে তার প্রতি তাদের গভীর মমতা জন্মায়। এ কারণে তাকে ছেড়ে দেওয়ার ইচ্ছা ছিল না তাদের। উল্লেখ্য, এই দম্পতির পাঁচ মাস বয়সী একটি ছেলেসন্তান রয়েছে, যার কারণে নবজাতকের যত্ন নিতে তাদের কোনো অসুবিধা হচ্ছে না বলে জানান তারা। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ওমর সানী আকন বিষয়টি সম্পর্কে অবহিত হওয়ার পর ইউএনও ও সমাজসেবা কার্যালয়ের সঙ্গে যোগাযোগের পরামর্শ দেন বলে জানান।