ফিফা বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ম্যাচকে ঘিরে মধ্যবর্তী বিরতির পারফরম্যান্স নিয়ে দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়েছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা। আগামীকাল নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনা ও স্পেনের মধ্যে অনুষ্ঠিতব্য শিরোপা নির্ধারণী ম্যাচে হাফটাইমের সময়সীমা নির্ধারণ করা হয়েছে সর্বোচ্চ ১৭ মিনিট। প্রচলিত ফুটবল ম্যাচের হাফটাইমের তুলনায় এটি মাত্র দুই মিনিট বেশি।

ফিফা স্পেন ও আর্জেন্টিনার ফুটবল ফেডারেশনকে এই সিদ্ধান্ত সম্পর্কে ইতিমধ্যেই অবহিত করেছে। ১৭ মিনিটের এই বিরতির মধ্যে সংগীত পরিবেশনার জন্য বরাদ্দ রাখা হয়েছে ১১ মিনিট। বাকি প্রায় ছয় মিনিট ব্যবহার করা হবে মঞ্চ স্থাপন ও সরিয়ে নেওয়া এবং মাঠে পানি দেওয়ার কাজে। এর আগে গুঞ্জন ছিল যে হাফটাইমে ৩০ থেকে ৪০ মিনিটের একটি বর্ধিত পারফরম্যান্স অনুষ্ঠিত হবে, যা নিয়ে ফুটবল বিশ্লেষক ও সমর্থকদের মধ্যে তীব্র সমালোচনা দেখা দিয়েছিল। তারা মনে করেছিলেন, এত দীর্ঘ বিরতি ম্যাচের ছন্দ নষ্ট করে দিতে পারে।

ফাইনালের হাফটাইমে মাঠ মাতাবেন বিশ্বসংগীতের তিন কিংবদন্তি তারকা। কলম্বিয়ান পপ তারকা শাকিরা, পপ সম্রাজ্ঞী ম্যাডোনা এবং কানাডিয়ান পপ আইকন জাস্টিন বিবার তাদের উপস্থিতি নিয়ে রঙিন করবেন এই আসর। এর আগে দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ব্যান্ড বিটিএস, ব্রিটিশ ব্যান্ড কোল্ডপ্লেসহ আরও অনেকের নাম জড়িয়ে গুঞ্জন উঠলেও শেষ পর্যন্ত ফিফা আনুষ্ঠানিকভাবে এই তিন শিল্পীর নাম নিশ্চিত করেছে।

এছাড়া ম্যাচ চলাকালীন সময়ে আগের মতোই হাইড্রেশন ব্রেকের ব্যবস্থা থাকবে। প্রচণ্ড গরমের কারণে চলমান এই বিশ্বকাপে প্রতি অর্ধে একটি করে পানি পানের বিরতি রাখা হয়েছে, যা ফাইনালেও অব্যাহত থাকবে। উদ্বোধনী অনুষ্ঠানের জাঁকজমকের মতো ফাইনালেও বিশ্বের জনপ্রিয় শিল্পীদের অংশগ্রহণে এটি একটি স্মরণীয় মুহূর্ত হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে।