বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে এক যৌথ বিবৃতি প্রকাশের মাধ্যমে মারাঠি চলচ্চিত্রের সুপরিচিত তারকা দম্পতি আদীনাথ কোথারে ও ঊর্মিলা কানেটকর তাঁদের সম্পর্কের সমাপ্তির খবর জানান। দীর্ঘ ১৫ বছর একসঙ্গে থাকার পর পারস্পরিক সম্মতির ভিত্তিতে আলাদা পথে চলার সিদ্ধান্ত নেওয়ার কথা বিবৃতিতে উল্লেখ করা হয়। এই কঠিন সময়ে ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার জন্য সবার প্রতি অনুরোধ জানানো হয়েছে।

বিবৃতিতে তাঁরা বলেন, অনেক চিন্তাভাবনার পর বন্ধুত্বপূর্ণ ও সম্মানজনকভাবে বিচ্ছেদের পথ বেছে নেওয়া হয়েছে। দাম্পত্যের ইতি ঘটলেও তাঁদের কন্যা জিজাহ (জিজা) সবসময়ই তাঁদের জীবনে সর্বোচ্চ গুরুত্ব পাবে। তাঁরা স্পষ্টভাবে জানান, সন্তানের লালন-পালনের দায়িত্ব দুজনেই যৌথভাবে পালন করবেন, যাতে সে ভালোবাসা ও নিরাপত্তার পরিবেশে বেড়ে উঠতে পারে। একে অপরের প্রতি গভীর শ্রদ্ধা প্রকাশ করে তাঁরা বলেন, একসঙ্গে কাটানো সময়গুলোর জন্য তাঁরা কৃতজ্ঞ। সংবাদমাধ্যম ও ভক্তদের কাছ থেকে এতদিন যে সমর্থন পেয়েছেন, ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে বলে আশা করেন তাঁরা। বিবৃতির শেষে সবার কাছে অনুরোধ, এই সময়ে তাঁদের ব্যক্তিগত গোপনীয়তা সম্মান করা হোক। এ বিষয়ে এটাই তাদের শেষ বক্তব্য, এরপর আর কোনো মন্তব্য করা হবে না বলে জানানো হয়।

গত কয়েক মাস ধরে এই দম্পতির সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন চলছিল। ২০২৫ সালের শেষের দিকে বিভিন্ন সূত্রে দাবি করা হয়, তাঁরা আলাদা থাকছেন। তবে সে সময় প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি তাঁরা। এক সাক্ষাৎকারে ঊর্মিলা ইঙ্গিত দিয়েছিলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ‘বিষাক্ত’ আলোচনায় তিনি গুরুত্ব দেন না। অনলাইনে যা পড়া যায়, সব বিশ্বাস করা উচিত নয় বলেও মন্তব্য করেছিলেন তিনি।

আদীনাথ ও ঊর্মিলার প্রেমের গল্প শুরু হয়েছিল সিনেমার সেটেই। ২০০৬ সালে ‘শুভ মঙ্গল সাবধান’ ছবির শুটিংয়ের সময় তাঁদের পরিচয়। ছবিটি পরিচালনা করেছিলেন আদীনাথের বাবা মহেশ কোথারে। ঊর্মিলার অভিনয়ে অভিষেক হয়েছিল এই ছবির মাধ্যমে। দীর্ঘ প্রেমের পর ২০১১ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন তাঁরা। ২০১৮ সালে তাঁদের কন্যা জিজাহর জন্ম হয়।

অভিনেত্রী হিসেবে ঊর্মিলা ‘দুনিয়াদারি’, ‘মালা আই ভ্হায়চি!’ এবং ‘তি সধ্যা কায় করতে’-সহ একাধিক মারাঠি ছবিতে কাজ করে প্রশংসা অর্জন করেছেন। এ ছাড়া হিন্দি ও তেলেগু ভাষার চলচ্চিত্রেও অভিনয় করেছেন তিনি। অপরদিকে আদীনাথ অভিনয়, পরিচালনা ও প্রযোজনা—এই তিন ক্ষেত্রেই মারাঠি সিনেমায় নিজের অবস্থান মজবুত করেছেন। বর্তমানে তাঁর হাতে রয়েছে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রকল্প। পরিচালক নীতেশ তিওয়ারির বহুল আলোচিত ‘রামায়ণ’ ছবিতে তিনি ভরত চরিত্রে অভিনয় করবেন। এ ছাড়া হানসাল মেহতার ‘গান্ধী টকস’ ছবিতেও তাঁকে দেখা যাবে।