২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ নিয়ে নতুন করে অনিশ্চয়তা দেখা দিয়েছে। আগামী ২০ জুলাই ফল প্রকাশের কথা থাকলেও সে দিন তা আর হচ্ছে না বলে জানিয়েছেন শিক্ষা বোর্ডের শীর্ষ কর্মকর্তারা।

শনিবার (১৮ জুলাই) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, জুলাই মাসের মধ্যেই ফল প্রকাশের জন্য তারা সম্পূর্ণ প্রস্তুত। তবে ২০ তারিখ নির্ধারিত সময়ে তা প্রকাশ সম্ভব হচ্ছে না।

এর আগে গত ৮ জুন সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন ঘোষণা দিয়েছিলেন যে চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল ২০ জুলাই প্রকাশিত হবে। তিনি তখন সংশ্লিষ্ট সবাইকে এ বিষয়ে নির্দেশনা প্রদানের কথাও জানিয়েছিলেন।

উল্লেখ্য, চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় ২১ এপ্রিল ২০২৬ তারিখে। লিখিত পরীক্ষা শেষ হয় ২০ মে। বর্তমানে ব্যবহারিক পরীক্ষা চলছে, যা আগামী ১৪ জুন পর্যন্ত অব্যাহত থাকবে।

এ বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ১৮ লাখ ৫৭ হাজারের বেশি। শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ফল প্রকাশের তারিখ নিয়ে উদ্বেগ ও কৌতূহল বিরাজ করছে।