হাঙ্গেরির জাতীয় সংসদ ৭৩ বছর বয়সী আন্দ্রাস বাকাকে দেশটির নতুন রাষ্ট্রপ্রধান হিসেবে নির্বাচিত করেছে। সুপ্রিম কোর্টের সাবেক শীর্ষ এই বিচারক ছিলেন যথেষ্ট সম্মানিত ব্যক্তিত্ব। রাষ্ট্রপতির পদটি মূলত আনুষ্ঠানিক হলেও বাকার শাসনকাল যে যথেষ্ট উত্তাল হতে চলেছে, তা বিশ্লেষকদের কাছেই স্পষ্ট।
প্রধানমন্ত্রী পিটার ম্যাগয়ারের সরকার যে উদ্যোগ নিয়েছে, তা তদারকি করাই হবে তার প্রধান কাজ। বিশেষ করে সাবেক প্রধানমন্ত্রী ভিক্টর অরবানের তৈরি রাজনৈতিক ও অর্থনৈতিক কাঠামো ভেঙে নতুন রাষ্ট্র কাঠামো গড়ার প্রচেষ্টার উপর নজর রাখবেন তিনি। পাশাপাশি, ২০১১ সালে অরবান সরকারের তৈরি করা সংবিধানের পরিবর্তে একটি নতুন সংবিধান প্রণয়নের প্রক্রিয়াও দেখবেন তিনি।
সংসদে নির্বাচিত হওয়ার পর ভাষণে বাকা বলেন, “প্রতিশোধের ভিত্তিতে আমরা নতুন হাঙ্গেরি গড়তে পারি না।” তিনি আরও উল্লেখ করেন, সমাজের বৃহৎ অংশ এখন মুক্তি ও আশার অনুভূতি পোষণ করছে, আবার কেউ কেউ হতাশা ও অনিশ্চয়তার মধ্যে রয়েছে। তাঁর মতে, গণতান্ত্রিক সমাজে এটি কোনো অস্বাভাবিক অবস্থা নয়, বরং এটি একটি স্বাভাবিক বিষয়।
নতুন সংবিধান প্রণয়নের ক্ষেত্রে তিনি সর্বোচ্চ পর্যায়ে ব্যাপক বিতর্ক ও আলোচনার প্রতিশ্রুতি দিয়েছেন। উল্লেখ্য, ভোট শুরুর আগেই অরবানের দল ফিদেসের সব ৫১ জন সংসদ সদস্য অধিবেশন কক্ষ থেকে বেরিয়ে যান। গত মাসে তাদের পছন্দের প্রার্থী তামাস শুয়োককে রাষ্ট্রপতির পদ থেকে সরিয়ে দেওয়ার প্রতিবাদে তারা এই ওয়াকআউট করেন।
মে মাসের শুরুতে ক্ষমতা গ্রহণের পর থেকেই ম্যাগয়ার সরকার অরবানের উত্তরাধিকার ভেঙে দেওয়ার কাজ শুরু করে দিয়েছে। ইতিমধ্যে ২৭টি আইন পাস হয়েছে এবং সংবিধানে দুটি সংশোধনী আনা হয়েছে। অভিবাসী, কোভিড ও ইউক্রেন যুদ্ধের জন্য জারি করা জরুরি অবস্থা তুলে নেওয়া হয়েছে, যা ব্যবহার করে অরবান ডিক্রি জারি করে শাসন করতেন। সমালোচক সাংবাদিক ও এনজিওদের বিরুদ্ধে ব্যবহৃত সার্বভৌমত্ব সুরক্ষা কার্যালয়ও বিলু্ত করা হয়েছে। এর বদলে জাতীয় সম্পদ পুনরুদ্ধার ও সুরক্ষা কার্যালয় স্থাপন করা হয়েছে, যা সাবেক সরকারের আমলে রাষ্ট্রীয় অর্থ আত্মসাতের অভিযোগে তদন্ত ও বিচারের বিস্তৃত ক্ষমতা পাবে।
ফিদেস পার্টি অবশ্য টিসজা সরকারের এই পদক্ষেপকে ‘স্বৈরতন্ত্র’ প্রতিষ্ঠার চেষ্টা হিসেবে অভিযুক্ত করেছে। কটাক্ষের বিষয় হলো, ২০১১ সালে আইনের শাসন দুর্বল করার প্রচেষ্টা ঠেকাতে গিয়ে বাকাকে সুপ্রিম কোর্টের প্রধানের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। সম্প্রচার মাধ্যমের সংস্কারের অংশ হিসেবে ৯ জুলাই থেকে সরকারি রেডিও ও টেলিভিশনের অনুষ্ঠান সম্প্রচার বন্ধ রয়েছে। ফিদেস-যুগে সরকারের প্রচারণার মুখ হিসেবে ব্যবহৃত এই মাধ্যমগুলোকে স্বাধীন করার লক্ষ্যেই এই উদ্যোগ।
সংবিধানের ১৬ ও ১৭তম সংশোধনীর মাধ্যমে প্রধানমন্ত্রীর মেয়াদ দুই মেয়াদে এবং সংসদ সদস্যদের মেয়াদ তিন মেয়াদে সীমাবদ্ধ করা হয়েছে। অরবান সরকার কেড়ে নেওয়া সংসদীয় আইন পর্যালোচনার ক্ষমতাও সাংবিধানিক আদালতে ফিরিয়ে দেওয়া হয়েছে। তবে টিসজা সংখ্যাগরিষ্ঠরা যদি মনে করে থাকেন বাকা একজন অনুগত রাষ্ট্রপতি হবেন, তবে তাদের ভুল ভাঙতে পারে। পদ গ্রহণের প্রস্তাব পাওয়ার আগে বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি স্পষ্ট জানিয়েছিলেন, সংসদ সদস্যদের মেয়াদ সীমিত করাকে তিনি ভোটারদের প্রতিনিধি বেছে নেওয়ার অধিকারে হস্তক্ষেপ হিসেবে দেখেন।
স্ট্রাসবার্গের ইউরোপীয় মানবাধিকার আদালতে ১৭ বছর হাঙ্গেরির বিচারক হিসেবে দায়িত্ব পালন করেছেন বাকা। গত মাসে বিবিসিকে তিনি বলেছিলেন, “আমি রাজনীতির মানুষ নই। পেশাগত ও আইনি চিন্তার মাধ্যমেই আমি রাজনীতিতে জড়িয়েছি।” আজ তিনি অন্তর্বর্তীকালীন ব্যক্তিত্ব হিসেবে নির্বাচিত হলেন। সংবিধান সংশোধনের মাধ্যমে তার এই রাষ্ট্রপতি হওয়া সম্ভব হয়েছে, যা অনুযায়ী নতুন সংবিধান কার্যকর না হওয়া পর্যন্ত বা সর্বোচ্চ পাঁচ বছরের জন্য তিনি এই পদে থাকবেন। সংসদে ভাষণের শেষ পর্যায়ে বাকা স্পষ্ট করে দেন যে, তিনি শক্তিশালী নেতার উপর নির্ভর করার হাঙ্গেরীয় প্রবণতার বিরুদ্ধে অবস্থান নিতে চান। “রাষ্ট্র নিজের জন্য নয়,” তিনি বলেন, “রাষ্ট্র মানুষের জন্য।”




