ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানম সাভারের আমিনবাজারে ঢাকা-আরিচা মহাসড়কের দুই পাশে দীর্ঘদিন ধরে জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ৩০ দিনের আলটিমেটাম দিয়েছেন। রোববার (৫ জুলাই) এলাকাটি পরিদর্শন শেষে তিনি এই নির্দেশনা প্রদান করেন। রাজধানীর অন্যতম প্রবেশপথ আমিনবাজারের বর্তমান পরিবেশকে ‘অগ্রহণযোগ্য’ উল্লেখ করে জেলা প্রশাসক বলেন, প্রায় দুই কিলোমিটার এলাকাজুড়ে বিভিন্ন ধরনের বর্জ্য ফেলা হচ্ছে, যা থেকে পুরো এলাকায় দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে। এতে পরিবেশদূষণের পাশাপাশি স্থানীয় বাসিন্দা, পথচারী ও যানবাহনের যাত্রীরা চরম দুর্ভোগের শিকার হচ্ছেন এবং জনস্বাস্থ্যের জন্যও এটি বড় ঝুঁকি তৈরি করছে।

পরিদর্শনকালে ফরিদা খানম জানান, নির্ধারিত ৩০ দিনের মধ্যে সব বর্জ্য সরিয়ে ফেলা হবে এবং ভবিষ্যতে যাতে সেখানে আর বর্জ্য ফেলা না হয়, সেজন্য স্থায়ী ও কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি উল্লেখ করেন, বর্তমান স্থানের পরিবর্তে দূরবর্তী কোনো উপযুক্ত খাসজমি চিহ্নিত করে সেখানে একটি নির্ধারিত ডাম্পিং স্টেশন স্থাপনের পরিকল্পনা রয়েছে। এতে আবাসিক এলাকা ও গুরুত্বপূর্ণ মহাসড়কের পাশে বর্জ্য ফেলার প্রয়োজন হবে না।

বর্জ্য অপসারণের পর মহাসড়কের দুই পাশে মাটি ভরাট করে সবুজ বেষ্টনী গড়ে তোলা হবে বলেও জানান জেলা প্রশাসক। সরকারের বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় সেখানে বিভিন্ন প্রজাতির পরিবেশবান্ধব ও সৌন্দর্যবর্ধক গাছ লাগানো হবে। তিনি আশা প্রকাশ করেন, এতে পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি রাজধানীর প্রবেশপথ আরও পরিচ্ছন্ন ও দৃষ্টিনন্দন হয়ে উঠবে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ইতোমধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন না হলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।