অনলাইন সংবাদমাধ্যম ফেস দ্য পিপল-এর সম্পাদক ও প্রকাশক সাইফুর সাগর এবং অনুসন্ধানী প্রতিবেদক মোহাম্মদ ইউসুফের বিরুদ্ধে চাঁদা দাবি ও মানহানির অভিযোগে দায়ের করা মামলাটি তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) এই তদন্ত সম্পন্ন করে আগামী ১০ আগস্টের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুজ্জামানের আদালতে মাস্তুল ফাউন্ডেশনের পক্ষে আবু মো. কামরুজ্জামান মামলার আবেদন করেন। প্রথমে আদালত তাঁর জবানবন্দি গ্রহণ করে আদেশ অপেক্ষমাণ রাখেন। তবে পরে বিকেলে মামলাটি তদন্তের জন্য পিবিআইকে নির্দেশ দেওয়া হয়। বাদীপক্ষের আইনজীবী মো. আজাদ রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার বাদী কামরুজ্জামান জানান, আসামিরা প্রতিষ্ঠানের অফিসে এসে অযাচিতভাবে টাকা দাবি করেন। তিনি বলেন, তারা কোনো প্রকার পূর্ব আলোচনা ছাড়াই ক্যামেরা চালু করে ভিডিও ধারণ করতে থাকেন এবং মাসিকভিত্তিক একটি মোটা অঙ্কের অর্থ দাবি করেন। পাশাপাশি বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদর্শন করা হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগপত্রে বলা হয়েছে, ফেস দ্য পিপলের প্রতিনিধিরা মাস্তুল ফাউন্ডেশনের কার্যালয়ে গিয়ে প্রতিবেদন প্রকাশের জন্য ২০ হাজার টাকা এবং সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশের জন্য ১৫ হাজার টাকা দাবি করেন। এছাড়া প্রতিষ্ঠানের কার্যক্রম নিয়ে প্রতিবেদন না প্রকাশের শর্তে মাসিক ৫০ হাজার টাকা করে চাঁদা দেওয়ার প্রস্তাব দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

বাদীপক্ষের দাবি, মাস্তুল ফাউন্ডেশন চাঁদা দিতে অস্বীকৃতি জানালে আসামিরা প্রতিষ্ঠানটির সুনাম ক্ষুণ্ন করার হুমকি দেন। পরে গত ২৮ জুন ফেস দ্য পিপলে মাস্তুল ফাউন্ডেশনকে নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়। ওই প্রতিবেদনের কারণে প্রতিষ্ঠানটির ২০ কোটি টাকার মানহানি হয়েছে বলে মামলায় দাবি করা হয়েছে।