মার্কিন টেলিভিশনের সুপরিচিত মুখ ডোনা মিলস, যিনি 'নটস ল্যান্ডিং' সিরিজের মাধ্যমে দর্শকমনে বিশেষ স্থান করে নিয়েছিলেন, তিনি নতুন এক সিদ্ধান্তের মাধ্যমে সংবাদের শিরোনাম হয়েছেন। ৮৫ বছর বয়সী এই অভিনেত্রী প্রাপ্তবয়স্কদের কনটেন্টের জন্য পরিচিত প্ল্যাটফর্ম 'অনলি ফ্যানস'-এ নিজের অ্যাকাউন্ট চালু করেছেন। তবে তিনি পরিষ্কার করে জানিয়েছেন, তার এই পদক্ষেপের উদ্দেশ্য কোনো বিতর্কিত বিষয়বস্তু উপস্থাপন করা নয়।

ভ্যারাইটিকে দেওয়া এক বিবৃতিতে এই সিদ্ধান্তের ব্যাখ্যা দিয়ে মিলস বলেন, ভক্তদের কাছ থেকে বছরের পর বছর ধরে যে বিপুল ভালোবাসা ও সমর্থন তিনি পেয়েছেন, তার জন্য তিনি কৃতজ্ঞ। সামাজিক মাধ্যমগুলো ভক্তদের সঙ্গে সংযুক্ত থাকার একটি উপায় হলেও, অনলি ফ্যানস একটি ভিন্ন সুযোগ তৈরি করে দিয়েছে, যেখানে তিনি আরও ঘনিষ্ঠ ও প্রত্যক্ষভাবে যোগাযোগ স্থাপন করতে পারবেন।

তিনি আরও ব্যক্ত করেন, এই নতুন প্ল্যাটফর্মে তিনি নিজের দৈনন্দিন জীবনের নানা খণ্ডচিত্র, শুটিংয়ের পর্দার পেছনের নানা অজানা কাহিনি, এবং ব্যক্তিগত নানা অভিজ্ঞতার কথা ভাগ করে নেওয়ার পরিকল্পনা করছেন। মিলসের ভাষায়, 'এটা আমার পরিচয় বদলে ফেলার কোনো বিষয় নয়; বরং যাঁরা এত দিন ধরে আমার পাশে দাঁড়িয়ে থেকেছেন, তাঁদের সঙ্গে আরও অর্থপূর্ণ সম্পর্ক গড়ে তোলার একটি নতুন মাধ্যম এটি।' তার এই সম্পূর্ণ উদ্যোগে সহায়তার ভূমিকায় রয়েছে ক্রিয়েটরস ইনকর্পোরেটেড।

প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা অ্যান্ডি বাখম্যানও এ প্রসঙ্গে নিজের বক্তব্য তুলে ধরেন। তিনি বলেন, 'এটা ডোনাকে বদলে দেওয়ার কোনো প্রচেষ্টা নয়। বরং, তাঁর দীর্ঘদিনের অনুরাগী ও ভক্তদের কাছে তার ব্যক্তিত্ব, পছন্দ ও পর্দার অন্তরালের গল্পগুলো তুলে ধরার এটা এক অনন্য পন্থা। ডোনা বরাবরই একজন দুঃসাহসী ও সময়ের চেয়ে এগিয়ে থাকা ব্যক্তিত্ব।'

১৯৬৬ সালে ‘দ্য সিক্রেট স্টর্ম’ নামের একটি সিরিজের মধ্যদিয়ে টেলিভিশন জগতে তার আবির্ভাব ঘটে। পরবর্তী সময়ে ‘নটস ল্যান্ডিং’-এ অ্যাবি কানিংহাম চরিত্রে অসামান্য অভিনয়ের মাধ্যমে তিনি আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেন। এছাড়া, ‘জেনারেল হস্পিটাল’ নাটকে অতিথি শিল্পী হিসেবে অভিনয়ের জন্য তিনি ডেটাইম এমি পুরস্কারও জিতে নিয়েছেন। সাম্প্রতিক সময়ে তাকে ‘জয়’, ‘নোপ’ এবং ‘অরিজিন’-এর মতো সিনেমায়ও দেখা গেছে।

হলিউড অঙ্গনে বর্তমানে অনলি ফ্যানসে যোগদানের এক ধরনের ধারা লক্ষ্য করা যাচ্ছে। গত এপ্রিল মাসে ‘আমেরিকান পাই’ খ্যাত অভিনেত্রী শ্যানন এলিজাবেথ এই প্লাটফর্মে যোগ দিয়ে শুরুর সাত দিনের মাথায় ১২ লাখ ডলারের ওপরে আয় করেন। তার পরেই ‘মাই নেম ইজ আর্ল’ খ্যাত এমি পুরস্কার বিজয়ী অভিনেত্রী জেইমি প্রেসলিও একই পথ অনুসরণ করেন। উভয়েরই বক্তব্য ছিল, হলিউডের বাইরে নিজেদের শর্ত মোতাবেক তারা ভক্তদের সাথে সরাসরি সংযোগ স্থাপনের জন্য এই মাধ্যমটিকে বেছে নিয়েছেন।