অনলাইনভিত্তিক চলচ্চিত্র ডেটাবেজ আইএমডিবি (ইন্টারনেট মুভি ডেটাবেজ) থেকে যেকোনো সিনেমা বা সিরিজ সম্পর্কে মুহূর্তের মধ্যে ধারণা পাওয়া যায়। দর্শকদের আগ্রহের ভিত্তিতে এই ওয়েবসাইটটিতে প্রতি সপ্তাহে তৈরি হয় ‘ফ্যান ফেবারিট’ বা দর্শকপ্রিয় সিনেমার তালিকা। এ সপ্তাহের সেই কাতারে জায়গা করে নিয়েছে পাঁচটি ভিন্ন ঘরানার চলচ্চিত্র।
এই তালিকার শীর্ষে উঠে এসেছে ক্রিস্টোফার নোলানের সাম্প্রতিকতম কাজ ‘দ্য অডিসি’, যার আইএমডিবি রেটিং ৮.৫। হোমারের অমর মহাকাব্য অবলম্বনে নির্মিত এই সিনেমাটির পটভূমিতে রয়েছে ট্রয়ের যুদ্ধ সমাপ্তির পর রাজা অডিসিউসের ঝঞ্ঝাবিক্ষুব্ধ ঘরে ফেরার অভিযান। দীর্ঘ সমুদ্রযাত্রা, রহস্যময় পৌরাণিক জীব ও বিচিত্র প্রতিকূলতার এক চিত্রণ ফুটে উঠেছে চলচ্চিত্রটিতে। প্রকাশিত তথ্যানুযায়ী, ২৬ জুলাই পর্যন্ত সিনেমাটি বিশ্ববাজারে আয় করেছে ৩৩ কোটি ডলার।
তালিকার দ্বিতীয় অবস্থানে উঠে আসা ‘অবসেশন’ সিনেমাটির পেছনের গল্পটিও কম চমকপ্রদ নয়। এক ইউটিউবারের হাতে স্বল্প ব্যয়ে নির্মিত এই চলচ্চিত্রটি পরে কিনে নেয় বৃহৎ প্রযোজনা সংস্থা ফোকাস ফিচার। ১৫ মে মুক্তি পাওয়ার পরপরই এটি ভীষণ আলোচিত হতে থাকে, যার রেটিং ৭. ৯। জটিল ও রহস্যে মোড়া এক সম্পর্কে জড়িয়ে পড়া এক তরুণের জীবনকে কেন্দ্র করেই এগিয়েছে কাহিনি। প্রেম, নেশা এবং মানসিক দ্বন্দ্বের ভেতর দিয়ে গল্পে ধীরে ধীরে সত্য ও প্রতারণার স্তর উন্মোচিত হয়। মাত্র সাড়ে ৭ লাখ ডলারের ছবিটি ইতোমধ্যে ৪৫ কোটি ডলার তুলে ফেলেছে।
বৈজ্ঞানিক কল্পকাহিনির ভক্তদের আগ্রহের কেন্দ্রে তৃতীয় স্থানে রয়েছে ‘প্রজেক্ট হেইল মেরি’। চলতি বছরের মার্চে আসা এ সিনেমাটির রেটিং ৮. ২। এর গল্পে দেখা যায়, এক বিজ্ঞানী মহাকাশে একটি নভোযানে একা জেগে উঠেন এবং ধীরে ধীরে বুঝতে পারেন মানবজাতিকে নিশ্চিহ্ন হয়ে যাওয়ার হাত থেকে বাঁচানোর গুরুদায়িত্ব তার ওপরই বর্তেছে। এই অসম্ভব অভিযানের অংশ হিসেবে তিনি পাড়ি দেন অজানা এক গ্রহের দিকে।
চতুর্থ স্থানে রয়েছে এ অ্যানিমেশন সিনেমা ‘দ্য শিপ ডিটেকটিভস’। গত মে মাসে মুক্তিপ্রাপ্ত সিনেমাটি ব্যবসার দিক থেকেও বেশ সফল, যার রেটিং ৭.৪। ছবিটির কাহিনি এক মেষপালক ও তার পালের ভেড়াকে ঘিরে আবর্তিত। রাখাল প্রতিরাতে ভেড়াগুলোর সামনে বসে খুনের জটিল রহস্য নিয়ে গল্পের বই পাঠ করে শোনাত। হঠাৎ করেই একদিন তাকেই মৃত অবস্থায় পাওয়া যায়। সেই ঘটনার পর ভেড়ার দল এটিকে একটি হত্যাকাণ্ড বলে বিশ্বাস করে এবং শোনা গল্পের সূত্র ধরে গোয়েন্দা কৌশলে নিজেদের প্রভুর মৃত্যু রহস্য সমাধানের চেষ্টায় নামে। কল্পনা, রহস্য এবং কৌতুকের এক মজার মিশ্রণে এর কাহিনি তৈরি।
তালিকার শেষে রয়েছে একটি পুরনো সিনেমা, ১২ বছর আগের সায়েন্স ফিকশন ‘ইন্টারস্টেলার’, যার রেটিং ৮.৭। ক্রিস্টোফার নোলানের ‘দ্য অডিসি’ যখন ব্যাপক চর্চার শীর্ষে, তখন আপনা থেকেই তার আগের মাস্টারপিসটির প্রতি দর্শকদের উৎসাহ নতুন করে বেড়ে গেছে। এতে চিত্রিত হয়েছে এমন এক ভবিষ্যৎ, যেখানে পৃথিবী যখন সম্পূর্ণ বসবাসের অযোগ্য হয়ে পড়ে, তখন মানবশিশুর নতুন আশ্রয় খোঁজার দায়িত্বে একদল মহাকাশচারী অভিযানে বের হন। সময়, মহাকর্ষের আকর্ষণ, ভালোবাসা আর আত্মাহুতির এক অসামান্য মেলবন্ধনে নির্মিত এই চলচ্চিত্র আধুনিক কল্পবিজ্ঞানের সেরা উদাহরণগুলোর একটি।




