বর্তমানে দর্শকদের মধ্যে বেশ সাড়া ফেলেছে প্রেম, হাস্যরস ও পারিবারিক আবহের পাঁচটি নাটক। এ তালিকায় রয়েছে রোমান্টিক ধাঁচের 'ভালোবাসার গল্প', কমেডি ঘরানার 'বড়লোক বাড়ির চোর', মানবিক গল্পের 'মিথ্যুকের দল', বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে তৈরি 'আমাদের বিশ্বকাপ' ও 'ব্রাজেন্টিনা ক্লাব'।
মানবিক গল্পের নাটক 'মিথ্যুকের দল' প্রশংসা কুড়াচ্ছে কমেডি নাটকের ভিড়ে। অভিনেতা মোশাররফ করিম এই নাটকে মুখ্য ভূমিকায় রয়েছেন। কাহিনিতে দেখা যায়, জলিল স্ত্রী ও সন্তানকে নিয়ে চুরি করে। ছোট্ট ছেলেও বাবার কাছ থেকে চুরি শেখে। গ্রামে বিচার বসলে এই ঘটনা জলিলকে মানসিকভাবে ভেঙে দেয়। নাটকটি প্রচারিত হয়েছে এনটিভি নাটক ইউটিউব চ্যানেলে। রচনা করেছেন আল আমিন স্বপন, পরিচালনা করেছেন তাইফুর জাহান আশিক। এতে আরও অভিনয় করেছেন রোবেনা রেজা জুঁই ও মাসুম বাসার। পাঁচ দিনের মাথায় নাটকটি ২৭ লাখ দর্শক দেখেছেন।
'ভালোবাসার গল্প' নাটকের ভিউ তিন দিনে পৌঁছেছে ৭০ লাখে। মুখ্য চরিত্রে অভিনয় করেছেন ইয়াশ রোহান ও তানজিম সাইয়ারা তটিনী। গ্রামে একসঙ্গে বেড়ে ওঠা দুই বন্ধু এখন শহরে থাকেন। তাদের ছেলেমেয়েদের বিয়ে উপলক্ষে গ্রামে আসে দুই পরিবার। বিয়ের আয়োজনে ঘটতে থাকে নানা ঘটনা। একসময় বিয়ে ভাঙার উপক্রম হয়। নাটকটিতে আরও অভিনয় করেছেন দিলারা জামান, শহীদুজ্জামান সেলিম, আজিজুল হাকিম ও দীপা খন্দকার। পরিচালনা করেছেন রাফাত মজুমদার, রচনা করেছেন ইমরাউল রাফাত।
'বড়লোক বাড়ির চোর' নাটকের গল্পে দেখা যায়, বড়লোকের বাড়িতে চুরি করতে গিয়ে ধরা পড়ে এক চোর। কেউ তাকে পুলিশে দিতে চায়, কেউ আবার মারতে চায়। কিন্তু চোর সবাইকে চমকে দিয়ে জানায় বাড়ির নিরাপত্তা অত্যন্ত দুর্বল। এই তথ্য জানার পর চোরকে বাড়ির নিরাপত্তার দায়িত্ব দেওয়া হয়। কমেডি নাটকটিতে চোরের চরিত্রে অভিনয় করেছেন নিলয় আলমগীর। আরও রয়েছেন আবুল হায়াত ও জান্নাতুল সুমাইয়া হিমি। নাটকটি প্রচারিত হয়েছে ক্যাপিটাল ড্রামায়। রচনা করেছেন শাহজাহান সৌরভ, পরিচালনা করেছেন জুলফিকার ইসলাম।
বিশ্বকাপ ফুটবলকে ঘিরে তৈরি হয়েছে দুইটি নাটক—'আমাদের বিশ্বকাপ' ও 'ব্রাজেন্টিনা ক্লাব'। 'আমাদের বিশ্বকাপ'-এ ফুটবল নিয়ে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের তর্কবিতর্ক, জার্সি পরে মাঠে নামা এবং স্বামী-স্ত্রীর মধ্যে সমর্থক দ্বন্দ্বের চেনা গল্প উঠে এসেছে। গত সপ্তাহে প্রচারিত এই নাটক প্রায় ৫০ লাখ দর্শক দেখেছেন। পরিচালনা করেছেন মহিদুল মহিম, অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ ও সুনেরাহ্ বিনতে কামাল।
অন্যদিকে আই স্ক্রিনে প্রচারিত হচ্ছে ধারাবাহিক 'ব্রাজেন্টিনা ক্লাব'। কাহিনি আবর্তিত হয়েছে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের মান-অভিমান, প্রেমসহ নানা নাটকীয় ঘটনা নিয়ে। পরিচালক তারিক মুহাম্মদ হাসান হাস্যরসের মাধ্যমে গল্পটি ফুটিয়ে তুলেছেন। এতে অভিনয় করছেন তাসনুভা তিশা, ইশতিয়াক আহমেদ রুমেল, শহিদ উন নবী, আনোয়ার, জাবেদ গাজী, অপু, আশিক ও তানভীর। চ্যানেল আইতে প্রতি শনি ও রোববার রাত ১০টা ১০ মিনিটে ধারাবাহিকটি সম্প্রচারিত হচ্ছে।

