রোববার সকাল সাড়ে ৯টায় রাজধানীর বুড়িগঙ্গা নদীতে একটি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। সদরঘাটের শ্যামবাজার ঘাট এলাকায় বরিশালগামী এমভি সুন্দরবন-১২ লঞ্চের সাথে সংঘর্ষের পর ট্রলারটি ডুবে যায়। ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের পরিদর্শক মো. আনোয়ারুল ইসলাম জানান, ট্রলারটিতে মোট ১০ জন যাত্রী ছিলেন। তাদের মধ্যে ৮ জনকে নিরাপদে তীরে আনা সম্ভব হয়েছে। বাকি দু’জনের কোনো সন্ধান এখনও মেলেনি। ডুবে যাওয়া ট্রলারটির অবস্থান শনাক্ত করা হয়েছে। নিখোঁজ যাত্রীদের খুঁজে বের করতে সদরঘাট নদী ফায়ার স্টেশনের একটি ইউনিট অভিযান চালিয়ে যাচ্ছে। ট্রলারটি কুমিল্লা জেলার দিকে যাচ্ছিল বলে ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা উল্লেখ করেন। তিনি আরও জানান, ঘটনার পরপরই উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে।