প্রধান তথ্য কমিশনার ও তথ্য কমিশনার পদে নিয়োগের প্রক্রিয়ায় দলীয় রাজনীতি ও প্রশাসনিক প্রভাবকে উপেক্ষা করে দক্ষতা, অভিজ্ঞতা, নিরপেক্ষতা এবং সৎসাহসকে অগ্রাধিকার দেওয়ার অনুরোধ জানিয়েছে তথ্য অধিকার ফোরাম। আজ বৃহস্পতিবার প্রকাশিত এক বিবৃতিতে এই অবস্থান ব্যক্ত করে সংগঠনটি। বাছাই কমিটির সভাপতি আপিল বিভাগের বিচারপতি ফারাহ মাহবুব এবং কমিটির অন্যান্য সদস্যদের কাছে প্রেরিত চিঠিতে এই আহ্বান উত্থাপন করা হয়েছে।
বিবৃতিতে উল্লেখ করা হয়, তথ্য অধিকার আইন, ২০০৯-এর ধারা ১৪(১) অনুযায়ী গঠিত পাঁচ সদস্যের বাছাই কমিটি সম্প্রতি প্রধান তথ্য কমিশনার ও দুই তথ্য কমিশনার পদে নিয়োগের জন্য যোগ্য ও আগ্রহী প্রার্থীদের কাছ থেকে আবেদনপত্র আহ্বান করেছে। তথ্য অধিকার ফোরাম এই উদ্যোগকে স্বাগত জানিয়ে মত প্রকাশ করেছে যে, এর মাধ্যমে একটি স্বাধীন, কার্যকর ও জনগণের কল্যাণে নিবেদিত তথ্য কমিশন গঠনের দীর্ঘ প্রতীক্ষিত সম্ভাবনা সৃষ্টি হয়েছে।
ফোরামের মতে, তথ্য অধিকার আইনের সফল বাস্তবায়ন মূলত নির্ভর করে দক্ষ, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ তথ্য কমিশনের উপস্থিতির ওপর। তাই নিয়োগপ্রাপ্ত ব্যক্তিদের কেবল আইনে নির্ধারিত দায়িত্ব পালনের সামর্থ্যই নয়, বরং সব ধরনের প্রভাবমুক্ত থেকে জনস্বার্থে কাজ করার যোগ্যতাও বিচার্য হওয়া উচিত। বিবৃতিতে আরও বলা হয়, তথ্য অধিকার আইন নাগরিকের বাক্ ও চিন্তার স্বাধীনতা, রাষ্ট্র পরিচালনায় অংশগ্রহণ, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতকরণ এবং দুর্নীতি হ্রাসের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। কিন্তু অতীতে দলীয় রাজনৈতিক বিবেচনা ও আমলাতান্ত্রিক প্রভাবের কারণে তথ্য কমিশনের নিয়োগপ্রক্রিয়া আইনটির প্রত্যাশিত ফল প্রদানে ব্যর্থ হয়েছে। বর্তমান বাছাই কমিটি এ ব্যাপারে যথাযথ সিদ্ধান্ত গ্রহণ করবে বলে আশা প্রকাশ করেছে তথ্য অধিকার ফোরাম।
বিবৃতিতে স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন ফোরামের আহ্বায়ক শাহীন আনাম, সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান, কোস্ট ট্রাস্টের নির্বাহী পরিচালক রেজাউল করিম চৌধুরী, বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের (বিলস) নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ, বিএনএনআরসির প্রধান নির্বাহী কর্মকর্তা এইচ এম বজলুর রহমান, নাগরিক উদ্যোগের প্রধান নির্বাহী জাকির হোসেন, আইসোশ্যালের চেয়ারপারসন অনন্য রায়হান, বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্টের (ব্লাস্ট) অবৈতনিক নির্বাহী পরিচালক সারা হোসেন, রূপান্তরের নির্বাহী পরিচালক রফিকুল ইসলাম খোকন, মিডিয়া রিসোর্সেস ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভের (এমআরডিআই) নির্বাহী পরিচালক হাসিবুর রহমান, রিসার্চ ইনিশিয়েটিভ বাংলাদেশের (রিইব) উপপরিচালক রুহী নাজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যুরো অব ইকোনমিক রিসার্চের টোব্যাকো ট্যাক্স প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক হামিদুল ইসলাম হিল্লোল।



