বিশ্বখ্যাত যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের মর্যাদাপূর্ণ 'হার্ভার্ড একাডেমি স্কলারস প্রোগ্রাম ২০২৭'-এ আবেদন প্রক্রিয়া ইতোমধ্যে চালু হয়েছে। সারা বিশ্বের গবেষকদের জন্য উন্মুক্ত এই কর্মসূচিটি সম্পূর্ণ অর্থায়িত, যেখানে নির্বাচিতরা দুই বছর মেয়াদী একটি পোস্টডক্টরাল ফেলোশিপ গ্রহণের সুযোগ লাভ করবেন।
এই ফেলোশিপের আওতায় প্রতিটি একাডেমি স্কলারকে বার্ষিক ৮০ হাজার মার্কিন ডলার স্টাইপেন্ড বা ভাতা দেওয়া হবে। একই সঙ্গে গবেষণা পরিচালনার জন্য প্রতি বছর অতিরিক্ত ৬ হাজার ডলার পর্যন্ত গবেষণা অনুদান পাওয়া যাবে। সাধারণত, প্রতি বছর এই সম্মানজনক প্রোগ্রামের জন্য পাঁচ থেকে ছয় জন গবেষককে মনোনীত করা হয়। নির্বাচিত ফেলোরা হার্ভার্ড একাডেমি ফর ইন্টারন্যাশনাল অ্যান্ড এরিয়া স্টাডিজে তাদের গবেষণা সম্পন্ন করবেন এবং স্বাস্থ্যবিমা, ভ্রমণ ও গবেষণা-সংক্রান্ত নানা সুবিধা লাভ করবেন।
যোগ্যতা ও আবেদনের শর্ত হিসেবে বলা হয়েছে, প্রার্থীর পিএইচডি ডিগ্রি ৩১ জুলাই ২০২৬-এর পরে সম্পন্ন হতে হবে। শিক্ষাজীবনে উৎকৃষ্ট ফলাফল থাকা আবশ্যক, এবং বিদেশি ভাষা, আন্তর্জাতিক ইতিহাস ও ভিন্ন ভিন্ন সংস্কৃতির বিষয়ে পারদর্শী আবেদনকারীদের অগ্রাধিকার দেওয়া হবে। নির্বাচন প্রক্রিয়ায় প্রাথমিকভাবে বাছাইকৃত প্রার্থীদের ২০২৬ সালের ডিসেম্বর মাসে হার্ভার্ডে সরাসরি সাক্ষাৎকারের জন্য আমন্ত্রণ জানানো হবে; উল্লেখ্য, এই সাক্ষাৎকারের যাতায়াত ও হোটেল ব্যয় হার্ভার্ড একাডেমি বহন করবে।
আবেদনের জন্য প্রয়োজনীয় নথিপত্রের তালিকায় রয়েছে অনলাইন আবেদনপত্র, জীবনবৃত্তান্ত (সিভি), একাডেমিক ট্রান্সক্রিপ্ট, গবেষণার আগ্রহ ও ভবিষ্যৎ পরিকল্পনা সংবলিত স্টেটমেন্ট অব রিসার্চ ইন্টারেস্টস, একটি গবেষণামূলক রাইটিং স্যাম্পল এবং তিনটি রেকমেন্ডেশন লেটার। এসব নথি নির্ধারিত শেষ তারিখের মধ্যে জমা দিতে হবে।
আগ্রহী গবেষকদের জন্য আবেদনের শেষ সময় নির্ধারিত হয়েছে ১৮ সেপ্টেম্বর ২০২৬। প্রোগ্রাম সম্পর্কিত যাবতীয় তথ্য ও আবেদনের ওয়েবসাইটের লিংক হার্ভার্ড একাডেমির দাফতরিক ওয়েবসাইটে পাওয়া যাবে।




