রাজধানীর কাকরাইলস্থ ওয়াইএমসিএ ভবনে শনিবার বিকেলে অনুষ্ঠিত হলো পদার্থবিজ্ঞানী ও যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ম্যাসাচুসেটস ডার্টমাউথের অধ্যাপক ড. মোহাম্মদ আতাউল করিমের বই ‘যে শুরুর শেষ নেই’-এর প্রকাশনা উৎসব। এই আয়োজনে উপস্থিতি ছিল বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিলের চেয়ারম্যান অধ্যাপক ডা. সায়েবা আক্তার এবং শিক্ষাবিদ ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ডিস্টিংগুইশড অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদের। অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদ তাঁর বক্তব্যে বইটির ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, গ্রন্থটির প্রবন্ধগুলো অত্যন্ত চিত্তাকর্ষক এবং তা পড়ে বোঝা যায় যে অল্প বয়সেও কত বড় চিন্তাভাবনা সম্ভব। অধ্যাপক আতাউল করিমের জন্ম ১৯৫৩ সালে মৌলভীবাজার জেলায়। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ম্যাসাচুসেটস ডার্টমাউথের ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগে অধ্যাপনা করছেন। এর আগে তিনি একই শিক্ষাপ্রতিষ্ঠানে প্রভোস্ট, এক্সিকিউটিভ ভাইস চ্যান্সেলর (একাডেমিক) এবং চিফ অপারেটিং অফিসারের দায়িত্ব পালন করেছেন। অধ্যাপক আতাউল করিমের পিতা ডা. মুহাম্মদ আবদুশ শুকুর বাংলাদেশের ধূমপানবিরোধী আন্দোলনের অন্যতম পথিকৃৎ হিসেবে পরিচিত এবং তাঁর মাতা আনোয়ারা নূরী শুকুর।