প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান আজ (বৃহস্পতিবার) তাঁর বাবা বাংলাদেশ নৌবাহিনীর সাবেক প্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছেন। এ সময় জুবাইদা রহমানের বোন শাহিনা খান জামান এবং তাঁর মেয়ে জাইমা রহমান উপস্থিত ছিলেন। বিএনপির মিডিয়া সেলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

রাজধানীর বনানী সামরিক কবরস্থানে মরহুম মাহবুব আলী খানের কবরে ফুল দেওয়ার পর তাঁর রুহের মাগফিরাত কামনা করে পবিত্র কোরআন খতম, দোয়া ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়। রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান ১৯৭৯ সালে বাংলাদেশ নৌবাহিনীর প্রধানের দায়িত্বভার গ্রহণ করেন। এরপর তিনি রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সরকারের মন্ত্রিসভায় সদস্য হিসেবে কাজ করেন। তিনি ১৯৮৪ সালের ৬ আগস্ট মৃত্যুবরণ করেন।