২০২৬-২৭ শিক্ষাবর্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষে ভর্তির জন্য অনলাইন আবেদনের সময়সূচি ঘোষণা করা হয়েছে। আগামী ১৫ নভেম্বর দুপুর ১২টা থেকে শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন, যা চলবে ১০ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। এরপর ভর্তি পরীক্ষা শুরু হবে ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে। রোববার উপাচার্য অধ্যাপক মো. রইছ উদদীনের সভাপতিত্বে তাঁর সভাকক্ষে একাডেমিক কাউন্সিলের ৮০তম সভার বিশেষ অধিবেশনে এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়।

পাঁচটি ইউনিটের মাধ্যমে এবারের ভর্তি কার্যক্রম পরিচালিত হবে। বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদভুক্ত ইউনিট এ-এর পরীক্ষা ১ জানুয়ারি (শুক্রবার) অনুষ্ঠিত হবে। চারুকলা অনুষদভুক্ত ইউনিট ই-এর পরীক্ষা ৮ জানুয়ারি, কলা ও আইন অনুষদভুক্ত ইউনিট বি-এর পরীক্ষা ১৫ জানুয়ারি, বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত ইউনিট সি-এর পরীক্ষা ২২ জানুয়ারি এবং সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ইউনিট ডি-এর পরীক্ষা ২৩ জানুয়ারি (শনিবার) নির্ধারণ করা হয়েছে। প্রতিটি পরীক্ষা সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত চলবে এবং সব পরীক্ষাই ঢাকায় অনুষ্ঠিত হবে। প্রশ্নপত্র হবে বহুনির্বাচনি পদ্ধতির।

আবেদনের যোগ্যতার শর্ত অনুযায়ী, প্রার্থীদের ২০২৩ বা ২০২৪ সালে এসএসসি/সমমান এবং ২০২৬ সালে এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ইউনিটভেদে ন্যূনতম জিপিএর শর্ত ভিন্ন। এ ইউনিটে আবেদনের জন্য এসএসসি ও এইচএসসিতে মোট জিপিএ কমপক্ষে ৭.০০ থাকতে হবে, তবে কোনো পরীক্ষায় ৩.০০-এর কম জিপিএ থাকলে আবেদনযোগ্য নয়। বি ইউনিটে মোট জিপিএ ৬.০০ এবং কোনো পরীক্ষায় ২.৭৫-এর কম হলে আবেদন করা যাবে না। সি ইউনিটে মোট জিপিএ ৬.৫০ এবং প্রতিটি পরীক্ষায় কমপক্ষে ৩.০০ থাকা বাধ্যতামূলক। ডি ইউনিটে মোট ৬.০০ এবং কোনো পরীক্ষায় ২.৭৫-এর কম হলে আবেদন সম্ভব নয়। ই ইউনিটে মোট জিপিএ ৫.৫০ এবং প্রতিটি পরীক্ষায় ন্যূনতম ২.৫০ থাকতে হবে।

ভর্তি পরীক্ষার পর ২০২৬-২৭ শিক্ষাবর্ষের একাডেমিক কার্যক্রম শুরু হবে ২০২৭ সালের ৪ এপ্রিল থেকে। ভর্তি প্রক্রিয়া সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে কেন্দ্রীয় ও ইউনিটভিত্তিক ভর্তি কমিটি গঠন করা হয়েছে। সভায় কোষাধ্যক্ষ অধ্যাপক সাবিনা শরমীন, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগের চেয়ারম্যান, ইনস্টিটিউটের পরিচালক, বহিঃসদস্য ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। সভা সঞ্চালনা করেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মো. শেখ গিয়াস উদ্দিন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্ধারিত সময়সূচি মেনে আবেদন ও পরীক্ষার সব প্রস্তুতি নেওয়া হবে।

এদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির অনলাইন আবেদন আগামী ১১ নভেম্বর দুপুর ১২টায় শুরু হয়ে ২৫ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত চলবে। ঢাবি আইবিএতে প্রজেক্ট ম্যানেজমেন্ট কোর্সে যেকোনো পেশাজীবীও আবেদন করতে পারবেন।