বেতন বৃদ্ধি, দ্রুত পদোন্নতি ও ঘন ঘন কর্মস্থল পরিবর্তনের ধারণা থেকে সরে এসে বর্তমান সময়ে চাকরিজীবীদের কাছে কর্মসংস্থানের নিশ্চয়তা অনেক বেশি প্রাধান্য পাচ্ছে। ২০২৬ সালের বৈশ্বিক অর্থনীতির টানাপোড়েন এবং কৃত্রিম বুদ্ধিমত্তার ক্রমবর্ধমান বিস্তার ক্যারিয়ার ভাবনায় এই বড় পরিবর্তন ঘটিয়েছে। ফোর্বস-এর এক প্রতিবেদনে এই রূপান্তরিত কর্মপরিবেশের খতিয়ান তুলে ধরা হয়েছে। মার্কিন গবেষণা সংস্থা মনস্টার ডটকমের এক জরিপ অনুসারে, ২০২৬ সালে প্রায় ৫৭ শতাংশ কর্মী তাদের বর্তমান প্রতিষ্ঠান ছেড়ে না যাওয়ার পরিকল্পনা করছেন। একইসঙ্গে, ডেলয়েটের এক বৈশ্বিক জরিপে উঠে এসেছে, তরুণ প্রজন্ম ক্ষণস্থায়ী সুযোগ-সুবিধার চেয়ে দীর্ঘমেয়াদি পেশাগত নিরাপত্তাকেই বেশি তৌল করছে। প্রতিষ্ঠানগুলোও বুঝতে পারছে যে, কেবল বাণিজ্যিক লক্ষ্যপূরণের চাপ সৃষ্টি করে কর্মীদের থেকে সেরা ফল আদায় করা দুরূহ। বর্তমান পরিপ্রেক্ষিতে টিকে থাকার জন্য অপরিহার্য হলো কর্মীদের বিশ্বাস জয়, তাদের দক্ষতা বাড়ানোর অনুকূল পরিবেশ এবং সহমর্মী নেতৃত্ব প্রদান। ব্লুমবার্গের এক তথ্যমতে, চাকরির আবেদনকারীদের প্রায় অর্ধেকই কোনো না কোনোভাবে এআই টুল ব্যবহার করছেন জীবনবৃত্তান্ত তৈরি থেকে শুরু করে সাক্ষাৎকারের প্রস্তুতি পর্যন্ত। কিন্তু ধীরে ধীরে এই উপলব্ধি দৃঢ় হচ্ছে যে, প্রযুক্তিই সবকিছুর সমাধান নয়। মানুষের সহজাত সৃষ্টিশীলতা, বিশ্লেষণী ক্ষমতা ও সিদ্ধান্ত গ্রহণের কার্যকারিতাই প্রকৃত ভিন্নতা সৃষ্টি করে। বাংলাদেশের চাকরির বাজারেও এই বিশ্বমানের বদলের প্রভাব দৃশ্যমান। বিশ্লেষকদের মত, ভবিষ্যৎ অমীমাংসিত সময়ে শ্রমিকদের শুধু ভয় দেখিয়ে আটকে রাখা যায় না। ভয়ের পরিবেশে কাজ করলে কেউ হয়তো নিয়মিত অফিসে উপস্থিত থাকবেন, কিন্তু উদ্ভাবনী কোনো ধারণা উপস্থাপনের সাহস হারিয়ে ফেলবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ-র অধ্যাপক রিদওয়ানুল হকের মতে, প্রতিষ্ঠানের কাঠামোর সাথে সামঞ্জস্যপূর্ণ সাইকোমেট্রিক পরীক্ষা নিয়োগপ্রক্রিয়ায় সংযুক্ত করা প্রয়োজন। এর মাধ্যমে প্রার্থীর শুধু পুথিগত বিদ্যাই নয়, বরং তার প্রকৃত দক্ষতা, ব্যক্তিত্ব, মানসিক উপযোগিতা এবং কর্মপরিবেশে খাপ খাওয়ার সক্ষমতা পরিমাপ করা সম্ভব হয়। অন্যদিকে, চাকুরেদেরও নিজেদের উৎকর্ষে মনোযোগী হতে হবে। একটি দেশীয় নির্মাণপ্রতিষ্ঠানের সেকশন ম্যানেজার রাইয়ান রহমান (ছদ্মনাম) এ প্রসঙ্গে বলেন, 'উর্ধ্বতন কর্তৃপক্ষ যদি সহানুভূতিশীল হন, তাহলে আমাদেরও দায়িত্ব হলো নিজের কাজ কোনো ছুতো-নাতা না দেখিয়ে নিষ্ঠার সাথে সম্পাদন করা।' এখন কেবল বেতন বা পূর্ণ সুবিধাই কর্মীদের ধরে রাখার জন্য পর্যাপ্ত নয়। বর্তমানে দক্ষতা উন্নয়ন, স্বাস্থ্যসেবা, মানসিক সুস্থতা, ক্যারিয়ার অগ্রগতি ও পারিবারিক কল্যাণমূলক ব্যবস্থাও অত্যন্ত জরুরি হয়ে দাঁড়িয়েছে। সার্বিক বিবেচনায়, বদলে যাওয়া এই কর্মসংস্কৃতির মূল বক্তব্য হলো— প্রতিষ্ঠানকে যেমন কর্মীর আস্থা অর্জন করতে হবে, তেমনি কর্মীকেও তার যোগ্যতা ও দায়িত্ববোধের পরিচয় দিতে হবে। পারস্পরিক এই বোঝাপড়া এবং সম্পর্কই জটিল পরিস্থিতিতে উভয় পক্ষের সবচেয়ে বড়ো শক্তি হিসেবে কাজ করবে।