চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটে (বিজেআরআই) নতুন করে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, এবার ১০ থেকে ২০ গ্রেডের বিভিন্ন পদে মোট ৪১টি শূন্য পদ পূরণ করা হবে। ইতিমধ্যে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। আগামী ২০ আগস্ট ২০২৬ পর্যন্ত আবেদনপত্র জমা দেওয়া যাবে।

বিজ্ঞপ্তিতে পদগুলোর বিস্তারিত উল্লেখ করা হয়েছে। উপসহকারী প্রকৌশলী (মেশিন ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট সেকশন) পদে একজন নিয়োগ পাবেন, যার বেতন ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড ১০)। সহকারী লাইব্রেরিয়ান পদে একজনের চাহিদা রয়েছে, বেতন ১২,৫০০-৩০,২৩০ টাকা (গ্রেড ১১)। বৈজ্ঞানিক সহকারী পদে পাঁচজনকে নেওয়া হবে, বেতন ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড ১৩)। জুনিয়র মাঠ সহকারী পদে ১২ জন, উচ্চমান সহকারী পদে তিনজন, উচ্চমান সহকারী কাম ক্যাশিয়ার পদে একজন, স্টোর কিপার পদে একজন, সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে তিনজন এবং অডিটর পদে একজন নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। এ ছাড়া জুনিয়র ফিল্ড অ্যাসিস্ট্যান্ট পদে একজন ও অফিস সহায়ক পদে ১২ জনকে অন্তর্ভুক্ত করা হবে। অফিস সহায়ক পদের বেতন ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড ২০) নির্ধারণ করা হয়েছে।

আবেদনের জন্য প্রার্থীদের বয়স ২০ আগস্ট ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। আগ্রহী ব্যক্তিরা প্রতিষ্ঠানের ওয়েবসাইটের মাধ্যমে নির্ধারিত ফরম পূরণ করতে পারবেন। আবেদন ফি পদভেদে বিভিন্ন। উপসহকারী প্রকৌশলী পদের জন্য ফি ২২৩ টাকা, সহকারী লাইব্রেরিয়ান পদের জন্য ১৬৮ টাকা, তৃতীয় থেকে দশম পদের জন্য ১১২ টাকা এবং অফিস সহায়ক পদের জন্য ৫৬ টাকা। ফি জমাদানের শেষ সময় ২০ আগস্ট বিকেল ৪টা।

এ বিষয়ে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, যারা পূর্ববর্তী বিজ্ঞপ্তি (২ জুন ২০২৪, ৪ আগস্ট ২০২৫ ও ৪ সেপ্টেম্বর ২০২৫) অনুযায়ী ইতিমধ্যে আবেদন করেছেন, তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই। আবেদন সংক্রান্ত যাবতীয় তথ্য প্রতিষ্ঠানের ওয়েবসাইটে পাওয়া যাবে।