ফিফা বিশ্বকাপের আসরগুলোতে সাধারণত কোন খেলোয়াড় কত গোল করলেন কিংবা শিরোপা জয়ের দৌড়ে কে এগিয়ে, তা নিয়েই আলোচনার কেন্দ্রবিন্দু থাকে। কিন্তু যে দলগুলো সবচেয়ে বেশি গোল হজম করেছে, সেই তালিকায় চোখ রাখলে একটি চমকপ্রদ চিত্র ফুটে ওঠে। তালিকাটির শীর্ষস্থানগুলো দখল করে আছে ফুটবল বিশ্বের সবচেয়ে সফল ও নামকরা দলগুলো। এর পেছনে জটিল কোনো রহস্য নয়, বরং একটি সরল গাণিতিক বাস্তবতা কাজ করে। চলুন দেখে নেওয়া যাক কোন কোন দেশ বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোল খাওয়ার রেকর্ড গড়েছে।
এই তালিকার শীর্ষে আছে জার্মানি। ইউরোপের এই ফুটবল পরাশক্তি বিশ্বকাপে এ পর্যন্ত মোট ১৩৫টি গোল হজম করেছে। তাদের অসামান্য ফুটবল ঐতিহ্য ও সাফল্যের বিবেচনায় এ তথ্য প্রাথমিকভাবে বিস্ময় জাগাতে পারে। কিন্তু এই রেকর্ড কোনোভাবেই তাদের রক্ষণভাগের দুর্বলতার ইঙ্গিত নয়। বরং জার্মানি বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় ধরে অংশগ্রহণকারী দলগুলোর অন্যতম, তারা ২০টিরও বেশি আসরে অংশ নিয়েছে। চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন এই দলটি অসংখ্য সেমিফাইনাল ও ফাইনাল খেলেছে। টুর্নামেন্টে এত দীর্ঘ সময় ধরে খেলার সুবাদে স্বাভাবিকভাবেই তাদের ম্যাচের সংখ্যা অন্য যেকোনো দেশের চেয়ে বেশি। আর এই বিপুল সংখ্যক ম্যাচ খেলার কারণেই তাদের বিপক্ষে গোলের সংখ্যাটাও অন্যদের চেয়ে বেড়ে গেছে।
দ্বিতীয় স্থানে রয়েছে আরেক লাতিন পরাশক্তি ব্রাজিল। একমাত্র দল হিসেবে প্রতিটি বিশ্বকাপ আসরে অংশ নেওয়া ব্রাজিল এ পর্যন্ত ১১০টি গোল খেয়েছে। শতাধিক গোল হজম করলেও পাঁচটি বিশ্বকাপ জয়ের গৌরব তাদের বিশ্বকাপের সবচেয়ে সফল দলের মর্যাদা দিয়েছে। পেলে, রোমারিও, রোনালদো ও রোনালদিনহোর মতো কিংবদন্তিদের আক্রমণভাগ সব সময়ই প্রতিপক্ষের রক্ষণকে ছাপিয়ে গেছে। ফলে তারা যে গোল খেয়েছে, তার চেয়ে অনেক বেশি গোল প্রতিপক্ষের জালে পাঠিয়েছে।
তৃতীয় অবস্থানে আছে বিশ্বকাপের আরেক নিয়মিত সফল অংশগ্রহণকারী আর্জেন্টিনা। তারা মোট ১০৪টি গোল হজম করেছে। দক্ষিণ আমেরিকার এই শক্তিশালী দলটি ফুটবল বিশ্বের অন্যতম ধারাবাহিক দল। ডিয়েগো ম্যারাডোনা ও লিওনেল মেসির মতো মহাতারকাদের নেতৃত্বে আর্জেন্টিনা তিনটি শিরোপা জিতেছে এবং একাধিকবার ফাইনালে উঠেছে। নিয়মিত বিশ্বকাপ খেলা ও নকআউট পর্বের অসংখ্য ম্যাচে অংশ নেওয়ার কারণেই তাদের বড় সাফল্যের পাশাপাশি গোল হজমের সংখ্যাটাও বেশ বড়।
তালিকার চতুর্থ স্থানটি মেক্সিকোর দখলে। ‘এল ট্রি’ নামে পরিচিত দলটি বিশ্বকাপে ১০১টি গোল খেয়ে এক শর বেশি গোল হজম করা চতুর্থ দেশে পরিণত হয়েছে। মেক্সিকোর টানা বেশ কয়েকটি বিশ্বকাপে অংশ নেওয়ার দারুণ রেকর্ড রয়েছে। বিশ্বকাপ শিরোপা জয়ের স্বাদ না পেলেও টুর্নামেন্টে তাদের নিয়মিত উপস্থিতিই গোল খাওয়ার এ সংখ্যার প্রধান কারণ।
পঞ্চম স্থানে রয়েছে ফ্রান্স। ‘লে ব্লুস’ খ্যাত দলটি বিশ্বকাপে ৮৭টি গোল খেয়েছে। ১৯৯৮ ও ২০১৮ সালের বিশ্বকাপ জয় এবং ২০০৬ ও ২০২২ সালের আসরে রানার্সআপ হওয়া ফ্রান্স সম্পর্কে বলা হয়ে থাকে, বর্তমানে তারা প্রতিটি বিশ্বকাপের শেষ পর্যন্ত লড়াই করে। আর এই বেশি ম্যাচ খেলার বাস্তবতাই তাদের এ তালিকায় স্থান করে দিয়েছে। তবে এই রেকর্ডের পরও ফ্রান্স আন্তর্জাতিক ফুটবলের অন্যতম শক্তিশালী ও সফল দল হিসেবেই বিবেচিত।

