বিশ্বকাপের আসরে এখনও টিকে থাকা তিন দলের একটি হলো আর্জেন্টিনা। ২০২২ সালের চ্যাম্পিয়নরা এবার শিরোপা ধরে রাখতে না পারলেও তাদের এ পর্যন্ত আসাকে তুচ্ছ করে দেখার কারণ নেই বলে মনে করছেন অনেকেই। তবে সেমিফাইনাল নিশ্চিত করলেও দলের খেলার ধরণ নিয়ে সমর্থকদের মধ্যে অসন্তোষ লক্ষ্য করা যাচ্ছে। অনেকে মনে করছেন, মাঠে আর্জেন্টিনা তাদের সেরাটা দিতে পারছে না। ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালের আগে এই ‘খারাপ খেলা’র ধারণা উড়িয়ে দিয়েছেন কোচ লিওনেল স্কালোনি। তাঁর মতে, মানুষের ধারণার চেয়ে অনেক ভালো খেলছে তার দল। গ্রুপ ‘জে’-তে আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্বে পা রাখে আর্জেন্টিনা। এরপর কেপ ভার্দে, মিসর ও সুইজারল্যান্ডকে বিদায় করে দলটি এখন সেমিফাইনালে। তবে শেষ বত্রিশে কেপ ভার্দে ও কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের বিপক্ষে জিততে অতিরিক্ত সময় পর্যন্ত লড়তে হয়েছে। শেষ ষোলোর ম্যাচে মিসরের বিপক্ষে ৭৯ মিনিট পর্যন্ত ২-০ ব্যবধানে পিছিয়েও ছিল দলটি। এই কারণেই সমর্থকদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে বলে মনে করা হচ্ছে। সেমিফাইনালে কখনো হারেনি আর্জেন্টিনা—এই পরিসংখ্যান নিয়ে প্রশ্ন উঠলে আটলান্টায় সংবাদ সম্মেলনে স্কালোনি বলেন, ‘লোকজন যতটা খারাপ বলছে, দল ততটা খারাপ খেলছে না। এই পর্যায়ে পৌঁছানোর জন্য আমরা নিশ্চয়ই সঠিক কিছু করেছি মাঠে।’ দল সেরা ফর্মে নেই—এমন ধারণার জবাবে তিনি আরও বলেন, ‘আমি খেলোয়াড়দের কাছে কৃতজ্ঞ। তারা দলকে তিনটি শিরোপা এবং আরেকটি সেমিফাইনালে এনেছে। আমরা লক্ষ্য থেকে মাত্র এক ধাপ দূরে, সেখানে পৌঁছাতে নিজেদের সবটুকু উজাড় করে দেব।’ সংখ্যার বিচারে সর্বশেষ চার বিশ্বকাপের মধ্যে তৃতীয়বার সেমিফাইনাল খেলছে আর্জেন্টিনা। এর মধ্যে ২০২২ সালে ট্রফি এসেছে। এছাড়া ২০২১ ও ২০২৪ সালে কোপা আমেরিকার শিরোপাও জিতেছে তারা। দলের কৌশল নিয়ে স্কালোনি বলেন, ‘আমি যেভাবে চেয়েছিলাম দল সেভাবে খেলছে কি না, তা নিয়ে ভাবি না। কারণ দেড় মাস আগেও যেকোনো উপায়ে সেমিফাইনালে ওঠার সুযোগ থাকলে লুফে নিতাম। এটা আমার কাছে গুরুত্বপূর্ণ নয়। কোনো অভিযোগ নেই।’ আর্জেন্টিনা-ইংল্যান্ড লড়াই নিয়ে রাজনৈতিক উত্তাপের প্রশ্নও উঠেছে সংবাদ সম্মেলনে। ১৯৮২ সালের ফকল্যান্ড দ্বীপপুঞ্জের বিরোধের প্রসঙ্গও এসেছে। স্কালোনি স্পষ্ট জানিয়েছেন, দল শুধু খেলার মাঠেই মনোযোগ দেবে। রাজনৈতিক ইতিহাসকে তারা মাঠের খেলার সঙ্গে মেশাবে না। ‘বাস্তবতা হলো এটি একটি ফুটবল ম্যাচ মাত্র। এটি আমাদের ইতিহাসের একটি অত্যন্ত দুঃখজনক অধ্যায় ছিল। এখন আমাদের কিছু করার নেই, এটাই বাস্তবতা,’ বলেন তিনি। আজ রাত ১ টায় আটলান্টায় ইংল্যান্ডের মুখোমুখি হবে আর্জেন্টিনা।