ইতালির তৃতীয় বিভাগের ফুটবল ক্লাব রাভেন্নার সঙ্গে যুক্ত হয়ে দীর্ঘদিন পর পেশাদার মাঠে ফেরার প্রস্তুতি নিচ্ছেন ব্রাজিলের কিংবদন্তি রোনালদিনিও। বৃহস্পতিবার দেশটির একটি সমুদ্রসৈকতে ক্লাব কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে তাঁকে দর্শকদের সামনে পরিচয় করিয়ে দেয়। বৃষ্টিপাত উপেক্ষা করে অনুষ্ঠানে প্রায় ছয় হাজার মানুষ উপস্থিত হন। দিনটির নাম দেওয়া হয় ‘রোনালদিনিও ডে’। মঞ্চে উঠে ২০০২ বিশ্বকাপজয়ী এই তারকা রাভেন্নার ১০ নম্বর জার্সি হাতে নিয়ে ছবি তুলেন। ব্যক্তিগত বিমানে ইতালিতে পৌঁছানোর পর তিনি জানান, বন্ধুদের সঙ্গে এখানে থাকতে পেরে তিনি অত্যন্ত খুশি। তাঁর ভাষায়, তাঁদের এমন একটি দল রয়েছে যারা ভালো কিছু করতে সক্ষম।

অন্যদিকে, মাঠে নামার বিষয়টি এখনো শতভাগ নিশ্চিত নয়। এ নিয়ে প্রশ্নের জবাবে রোনালদিনিও কোনো স্পষ্ট উত্তর দেননি। তিনি বলেন, তিনি খেলবেন কিনা তা তিনি জানেন না; সেটি কেবল কোচই নির্ধারণ করতে পারেন। ইতালিতে ফিরতে পেরে দারুণ অনুভূতি হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। এখানে এসে তিনি সতীর্থদের জয়ী হতে সাহায্য করতে চান। পাশাপাশি নিজের ক্যারিয়ারের তিন শততম গোলের কথাও ভুলে যাননি। তিনি বলেন, দেখতেই পাচ্ছেন তিনি ভালো ফিট আছেন এবং ভালো অনুভব করছেন। যদি ৩০০তম গোলটি করতে পারেন, তাহলে আরও ভালো হবে।

অবসরের আনুষ্ঠানিক ঘোষণা আসে ২০১৮ সালে। তবে পেশাদার ফুটবলে তাঁর সর্বশেষ ম্যাচ খেলেন তারও প্রায় তিন বছর আগে—২০১৫ সালের সেপ্টেম্বরে ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্সের হয়ে। মাঝের সময়ে বিভিন্ন প্রদর্শনী ম্যাচ ও ফুটসালে অংশগ্রহণ করেছেন তিনি। তবু পেশাদার জগতে তিনি সাবেক—এমনটাই মনে করেছিলেন সবাই। সেই রোনালদিনিও এখন আবার মাঠে নামার অপেক্ষায়। ব্রাজিলের হয়ে তাঁর গোলসংখ্যা ৩৩। বার্সেলোনায় ৯৪ এবং এসি মিলানে ২৪টি গোল করেন তিনি। খেলেছেন পিএসজি, আতলেতিকো মিনেইরো, গ্রেমিওসহ আরও বেশ কয়েকটি ক্লাবে। ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ও গ্লোবোর তথ্য অনুসারে, ৭৮৭টি ম্যাচে ২৯৯টি গোল করেছেন তিনি। ফলে তিন শতকের ঘরে পৌঁছাতে তাঁর প্রয়োজন মাত্র একটি গোলের।

ক্লাবটির ইতালিয়ান-আমেরিকান মালিক ইগনাসিও সিপ্রিয়ানি প্রথম গত জুনে, ২০২৬ বিশ্বকাপ চলাকালীন মায়ামিতে রোনালদিনিওকে দলে নেওয়ার পরিকল্পনার কথা জানান। ২০২৪ সাল থেকে রাভেন্নার মালিকানা তাঁর হাতে। সিপ্রিয়ানি আরও জানান, রোনালদিনিও ক্লাবটির শেয়ারও কিনবেন। তাঁর মতে, এই প্রত্যাবর্তনের লক্ষ্য ‘রোমান্টিক’। আরও স্পষ্টভাবে বললে, রোনালদিনিওর ক্যারিয়ারের শেষ গোলটি করানোর চেষ্টা করা হচ্ছে। তবে এটিকে কেবল মানুষের দৃষ্টি আকর্ষণের জন্য কোনো মার্কেটিং কৌশল হিসেবে দেখছেন না তিনি। রাভেন্না গত মৌসুমে ইতালির তৃতীয় বিভাগের ‘বি’ গ্রুপে তৃতীয় স্থান অর্জন করে। ২০০৮ সালের পর আবার ইতালির দ্বিতীয় বিভাগ সিরি ‘বি’তে ফিরতে চায় ক্লাবটি। নতুন মৌসুমে রাভেন্নার প্রথম ম্যাচ সোমবার রেজিয়ানার বিপক্ষে। যদিও লা গ্যাজেত্তা দেল্লো স্পোর্তের খবর অনুযায়ী, ওই ম্যাচে রোনালদিনিওকে দেখা যাবে না বলে ধারণা করা হচ্ছে।