প্রযুক্তি জায়ান্ট মেটা তাদের ফেসবুক মার্কেটপ্লেস প্ল্যাটফর্মে ব্যবহারকারীদের কেনাকাটার অভিজ্ঞতা আরও সহজ ও সুরক্ষিত করতে বেশ কিছু নতুন ফিচার উন্মুক্ত করতে যাচ্ছে। এসব উদ্যোগের অংশ হিসেবে প্ল্যাটফর্মটিতে পণ্য বিক্রির প্রক্রিয়া সহজতর করতে নিয়মিত বিক্রেতাদের জন্য একটি স্বতন্ত্র অ্যাপ চালু করা হবে। এ ছাড়া সেলফি তোলার মাধ্যমে বিনা মূল্যে পরিচয় নিশ্চিতকরণ, মোবাইল বা কম্পিউটারের সম্পূর্ণ পর্দাজুড়ে ভিডিও প্রদর্শন এবং কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর (এআই) বিভিন্ন টুলও সংযুক্ত করছে প্রতিষ্ঠানটি। ধাপে ধাপে বিভিন্ন দেশে এ সুবিধাগুলো চালু করার পরিকল্পনা রয়েছে মেটার।
প্রথমেই, ফেসবুক মার্কেটপ্লেসে নিয়মিত পণ্য বিক্রি করেন এমন ব্যক্তি বা প্রতিষ্ঠানের জন্য ‘সেলার’ নামের একটি আলাদা অ্যাপ চালু করা হবে। এই অ্যাপের মাধ্যমে বিক্রেতারা তাদের পণ্যের তালিকা পরিচালনা, সম্ভাব্য ক্রেতাদের সঙ্গে বার্তা বিনিময় এবং বিভিন্ন পণ্যের কার্যক্রম ও বিক্রির অগ্রগতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে সক্ষম হবেন। মেটার তথ্য অনুযায়ী, ফেসবুক মার্কেটপ্লেসে প্রতিমাসে ৪৩ কোটির বেশি নতুন পণ্যের তালিকা যুক্ত হয়। নিয়মিত বিক্রেতাদের জন্য কেনাবেচাকে আরও সুশৃঙ্খল ও সহজ করতে এই নতুন অ্যাপ চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ভিডিও দেখার অভিজ্ঞতায়ও বড় ধরনের পরিবর্তন আনছে ফেসবুক। পরীক্ষামূলকভাবে একটি নতুন ফুলস্ক্রিন ভিডিও ইন্টারফেস চালু করা হচ্ছে। প্রাথমিকভাবে ভিডিওনির্ভর কিছু নির্দিষ্ট বাজারে এই সুবিধা চালু হবে। তবে ব্যবহারকারীরা চাইলে নতুন ইন্টারফেসটি বন্ধ করে আগের ফিডভিত্তিক ভিডিও প্রদর্শন পদ্ধতিতেই ফিরে যেতে পারবেন।
ব্যবহারকারীদের পরিচয় নিশ্চিত করতে মেটা ‘ফেসবুক ভেরিফায়েড’ নামে একটি বিনামূল্যের যাচাইকরণ পদ্ধতি চালু করছে। এই পদ্ধতিতে ব্যবহারকারীরা নিজেদের সেলফি তুলে পরিচয় যাচাই করতে পারবেন। যাচাইকরণ সম্পন্ন হলে তাদের প্রোফাইলে সাদা বৃত্তের ভেতরে একটি টিক চিহ্ন দেখা যাবে। এই চিহ্ন ফেসবুক মার্কেটপ্লেস, ফেসবুক ডেটিং এবং ফেসবুক গ্রুপেও প্রদর্শিত হবে। মেটার দাবি, এই নতুন ব্যবস্থা প্রকৃত ব্যবহারকারীদের শনাক্ত করতে সহায়তা করবে, পাশাপাশি ভুয়া অ্যাকাউন্ট ও প্রতারণার ঝুঁকি কমিয়ে প্ল্যাটফর্মে আস্থা বৃদ্ধি করবে।
এ ছাড়া মার্কেটপ্লেস সেলার অ্যাপ এবং ফেসবুক গ্রুপের জন্য এআইনির্ভর আরও কিছু নতুন সুবিধা ঘোষণা করেছে মেটা। এই সুবিধাগুলোর মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে পণ্যের বিবরণ তৈরি করা যাবে, গ্রুপে প্রয়োজনীয় তথ্য দ্রুত খুঁজে পাওয়া যাবে এবং বিভিন্ন প্রশ্নের উত্তরও সহজেই জানা সম্ভব হবে। মেটা জানিয়েছে, এআই সুবিধাগুলো ব্যবহারকারীদের দৈনন্দিন কাজ সহজ করবে এবং ফেসবুক ব্যবহারের সামগ্রিক অভিজ্ঞতা উন্নত করবে।




