বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো) আন্তর্জাতিক এআই ইনোভেশন অ্যান্ড লিডারশিপ কনসোর্টিয়ামের (আইএআইএলসি) প্রেস্টিজ অ্যাওয়ার্ড অর্জন করেছে। গতকাল শনিবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনের হাত থেকে এই সম্মাননা গ্রহণ করেন বাক্কোর সাধারণ সম্পাদক ফয়সল আলিম। সংগঠনটি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে।

নেতৃত্ব, উদ্ভাবন, সুশাসন, শিক্ষা, সাইবার নিরাপত্তা, টেকসই উন্নয়ন, অর্থনৈতিক অগ্রগতি এবং বৈশ্বিক সহযোগিতায় অসামান্য অবদান ও দূরদর্শী নেতৃত্বের আনুষ্ঠানিক স্বীকৃতি হিসেবে এই পুরস্কার দেওয়া হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, নীতি-সমর্থন, শিল্প উন্নয়ন, সক্ষমতা বৃদ্ধি, তরুণ প্রজন্মের দক্ষতা উন্নয়ন এবং কৌশলগত আন্তর্জাতিক অংশীদারত্বের মাধ্যমে বাংলাদেশকে একটি প্রতিযোগিতামূলক বৈশ্বিক আউটসোর্সিং গন্তব্য হিসেবে প্রতিষ্ঠিত করতে নিরলসভাবে কাজ করছে বাক্কো। দেশের বিজনেস প্রসেস আউটসোর্সিং (বিপিও), ইনফরমেশন টেকনোলজি এনাবলড সার্ভিসেস (আইটিইএস) এবং ডিজিটাল সেবা শিল্পের বিকাশে সংগঠনটির অব্যাহত প্রচেষ্টা ও অঙ্গীকারের জন্যই এই আন্তর্জাতিক স্বীকৃতি এসেছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

পুরস্কার গ্রহণের পর ফয়সল আলিম বলেন, ‘এই আন্তর্জাতিক স্বীকৃতি বাংলাদেশের বিপিও ও আইটিইএস শিল্পের জন্য অত্যন্ত গর্বের একটি অর্জন। আমরা এই পুরস্কার আমাদের সদস্য, শিল্পের বিভিন্ন অংশীদার, সরকারি অংশীজন এবং হাজার হাজার নিবেদিতপ্রাণ পেশাদার ব্যক্তিকে উৎসর্গ করছি, যাঁদের অক্লান্ত পরিশ্রম ও নিষ্ঠা আমাদের খাতকে প্রতিনিয়ত এগিয়ে নিচ্ছে। বাংলাদেশের জন্য একটি বৈশ্বিকভাবে প্রতিযোগিতামূলক, উদ্ভাবনী ও টেকসই ডিজিটাল সেবা শিল্প গড়ে তোলার প্রতিশ্রুতি বাস্তবায়নে বাক্কো সব সময় কাজ করবে।’

আইএআইএলসি এবং ইউনিভার্সাল হিউম্যানিটি ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে বাক্কো। এই অর্জন সংগঠনটির সুদূরপ্রসারী দৃষ্টিভঙ্গিকে আরও বেগবান করবে এবং বাংলাদেশকে আউটসোর্সিং ও ডিজিটাল সেবায় একটি শীর্ষস্থানীয় বৈশ্বিক কেন্দ্রে পরিণত করার পাশাপাশি টেকসই কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হচ্ছে।