বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি আরও শক্তিশালী হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। বর্তমানে এটি উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে ভারতের পশ্চিমবঙ্গ ও ওডিশা উপকূলের কাছাকাছি অবস্থান করছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্যানুযায়ী, আজ সোমবার (২৭ জুলাই) থেকে সারা দেশে বৃষ্টিপাতের পরিমাণ বেড়ে যেতে পারে। বিশেষ করে দক্ষিণের উপকূলীয় জেলাগুলোতে বৃষ্টির মাত্রা তুলনামূলকভাবে বেশি থাকতে পারে। তবে সংশ্লিষ্টরা বলছেন, বাংলাদেশের ওপর এর কোনো বড় প্রভাব পড়ার সম্ভাবনা নেই।
গতকাল রবিবার আবহাওয়া অধিদপ্তর একটি বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশ করে। তাতে বলা হয়, গভীর নিম্নচাপটি আজ সন্ধ্যার দিকে ভারতের পশ্চিমবঙ্গ ও ওডিশা উপকূল অতিক্রম করতে পারে। ইতিমধ্যে নিম্নচাপের প্রভাবে দেশের চারটি সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত জারি করা হয়েছে। পাশাপাশি অভ্যন্তরীণ নৌবন্দরগুলোকেও ১ নম্বর সতর্কসংকেত দেখানো হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান জানিয়েছেন, গভীর নিম্নচাপটি ভারতের উপকূলের দিকে অগ্রসর হচ্ছে বিধায় বাংলাদেশের ওপর এর প্রভাব খুব বেশি বিস্তৃত হবে না। তার ভাষ্যমতে, নিম্নচাপের কারণে উপকূলসহ দেশের বিভিন্ন অঞ্চলে আজ থেকেই বৃষ্টিপাত বাড়তে পারে এবং আগামী বৃহস্পতিবার পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে কমবেশি বৃষ্টি অব্যাহত থাকতে পারে।
প্রসঙ্গত, চলতি মাসের ৫ তারিখ থেকে দেশের বিভিন্ন স্থানে ব্যাপক বৃষ্টি শুরু হয়েছিল। সেই বৃষ্টিতে রাজধানী ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। প্রবল বৃষ্টির কারণে দেশের অন্তত ৯ জেলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয় এবং অনেক জেলায় ফসলের ব্যাপক ক্ষতি হয়। তবে এবারের গভীর নিম্নচাপ থেকে তেমন কোনো বড় ক্ষতির আশঙ্কা করছেন না আবহাওয়াবিদরা।
মো. হাফিজুর রহমান আরও বলেন, দেশের কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে। রাজধানীতেও বৃষ্টির সম্ভাবনা আছে। তবে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা কম। আবহাওয়া বিজ্ঞানের ভাষায়, ৪৪ থেকে ৮৮ মিলিমিটার বৃষ্টিকে ভারী বৃষ্টি হিসেবে গণ্য করা হয় এবং এর চেয়ে বেশি বৃষ্টিপাতকে অতি ভারী বৃষ্টি বলে। অধিদপ্তরের তথ্যমতে, বুধবার থেকে বৃষ্টির পরিমাণ আরও বেড়ে যেতে পারে এবং বৃহস্পতিবার পর্যন্ত এই বৃষ্টি চলতে পারে।




