বিশ্ব রেকর্ড গড়তে মানুষ নানা ধরনের অদ্ভুত চ্যালেঞ্জ গ্রহণ করে। কেউ দীর্ঘক্ষণ ভারসাম্য ধরে রাখে, কেউ অসাধারণ শারীরিক কসরত করে। তবে মার্কিন নাগরিক রবার্ট ফ্রেডরিক বেছে নিয়েছিলেন ব্যথা সহ্য করার এক কঠিন পরীক্ষা। নিজের শরীরজুড়ে অসংখ্য বাইন্ডার ক্লিপ সংযুক্ত করে তিনি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নিজের নাম তুলেছেন।
সাধারণত বাইন্ডার ক্লিপে আঙুল চেপে দিলেই অনেকে ব্যথায় হাত সরিয়ে নেয়। কিন্তু রবার্ট তার পুরো শরীরে ৫৮টি এই ক্লিপ বসিয়েছিলেন। এই কাজের জন্য তিনি প্রথমে অনলাইন থেকে দুটি প্যাক ক্লিপ কিনেছিলেন, যেখানে প্রতিটি প্যাকে ৪৮টি করে ক্লিপ ছিল। প্রতিটি ক্লিপের মাপ ছিল এক ইঞ্চি বা ২.৫ সেন্টিমিটার।
রেকর্ড গড়ার স্থান হিসেবে রবার্ট বেছে নেন নেভাডা অঙ্গরাজ্যের লাস ভেগাসের লেফটেন্যান্ট এরিক লয়েড মেমোরিয়াল পার্ক। গত ২৫ এপ্রিল তিনি সেখানে উপস্থিত হন। এ কাজে তাকে সহযোগিতা করেন তার বন্ধু নিকোলাস মিলস্যাপ ও ম্যাথিউ আলগুইনালদো। শুরুতে রবার্টের হাতে ক্লিপ সংযুক্ত করা হয়, এরপর ধীরে ধীরে শরীরের অন্যান্য অংশেও ক্লিপ লাগানো হয়। পুরো সময় তিনি ব্যথা চেপে স্থির থাকার চেষ্টা করেন। শুধুমাত্র পায়ে ক্লিপ দেওয়ার সময় তিনি হেসে ফেলেছিলেন।
রবার্টের শরীরজুড়ে ক্লিপ লাগানোর দৃশ্য দেখতে পার্কের আশপাশে থাকা শিশু ও তাদের অভিভাবকদের একটি ছোট ভিড় জমে যায়। তারা দাঁড়িয়ে পুরো ঘটনা প্রত্যক্ষ করেন। সবশেষে যখন তার শরীরে ৫৮টি ক্লিপ সংযুক্ত হয়, তখন তিনি ক্যামেরার দিকে তাকান। তার মুখে তখন ব্যথার ছাপ স্পষ্ট ছিল। পুরো শরীর ক্লিপে ঢাকা থাকায় তাকে দেখতে অনেকটা কাঁটাযুক্ত শজারুর মতো লাগছিল। তবে ব্যথায় মুখ কুঁচকে গেলেও শেষ পর্যন্ত তিনি চ্যালেঞ্জটি সফলভাবে সম্পন্ন করেন।
রবার্ট জানান, দীর্ঘদিন ধরে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে নাম তোলার ইচ্ছা ছিল তার। ব্যথা হলেও নিজের একটি বিশেষ অর্জনের জন্য তিনি এই চ্যালেঞ্জ গ্রহণ করতে চেয়েছিলেন।




