উচ্চশিক্ষার জন্য বিশ্বের স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর দরজা খোলা এবং আন্তর্জাতিক বৃত্তি অর্জনে শিক্ষার্থীদের দক্ষতা ও আত্মবিশ্বাস বাড়ানোর লক্ষ্যে একটি বিশেষ সেমিনার আয়োজন করে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি)। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের সেমিনার কক্ষ-২২৭-এ 'রেডি টু ফ্লাই উইথ ইরাসমাস মুন্ডুস স্কলারশিপস: আনলক গ্লোবাল অপরচুনিটিজ' শিরোনামের এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। সেমিনারের মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইউরোপীয় কমিশনের ইরাসমাস প্লাস ন্যাশনাল ফোকাল পয়েন্টস কর্মসূচির এশিয়া অঞ্চলের ব্যবস্থাপক ও ইরাসমাস মুন্ডুস অ্যাসোসিয়েশনের প্রাক্তন সভাপতি মো. আশিকুর রহমান।
বক্তৃতায় মো. আশিকুর রহমান আন্তর্জাতিক শিক্ষা ও বৃত্তি বিষয়ে তাঁর দীর্ঘদিনের অভিজ্ঞতার আলোকে ইউরোপের বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ অর্থায়নে উচ্চশিক্ষার সুযোগ, আবেদন প্রক্রিয়া এবং নির্বাচনের বিভিন্ন ধাপ নিয়ে বিস্তারিত ব্যাখ্যা দেন। তিনি বিশেষভাবে জোর দেন যে কেবলমাত্র ভালো একাডেমিক ফলাফল আন্তর্জাতিক বৃত্তি অর্জনের জন্য যথেষ্ট নয়। নেতৃত্বের গুণাবলি, গবেষণায় সম্পৃক্ততা, সামাজিক দায়িত্ববোধ, স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ড এবং কার্যকর যোগাযোগ দক্ষতা একজন শিক্ষার্থীকে বিশ্ব প্রতিযোগিতায় এগিয়ে রাখে বলে তাঁর মতে।
সেমিনারে শিক্ষার্থীদের প্রতিযোগিতামূলক আবেদনপত্র প্রস্তুতের বিভিন্ন কৌশল তুলে ধরা হয়। বিশেষ করে উদ্দেশ্যপত্র রচনা, ব্যক্তিগত অভিপ্রায়পত্র প্রণয়ন, আন্তর্জাতিক মানসম্পন্ন জীবনবৃত্তান্ত তৈরি, গবেষণা ও সহশিক্ষা কার্যক্রমের মাধ্যমে নিজস্ব যোগ্যতা সমৃদ্ধ করা এবং বিশ্ববিদ্যালয়গুলোর নির্বাচন পদ্ধতি সম্পর্কে বাস্তবভিত্তিক দিকনির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নের ইরাসমাস প্লাসসহ বিশ্বের বিভিন্ন দেশের পূর্ণ অর্থায়িত বৃত্তির সুযোগ সম্পর্কেও তথ্য উপস্থাপন করা হয়।
অনুষ্ঠানে আইইউবিএটির বিভিন্ন কলেজ ও বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন। প্রশ্নোত্তর পর্বে শিক্ষার্থীরা বৃত্তির আবেদন প্রস্তুতি, উচ্চশিক্ষার জন্য বিশ্ববিদ্যালয় নির্বাচন, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং বিদেশে অধ্যয়নসংক্রান্ত নানা বিষয়ে সরাসরি পরামর্শ গ্রহণের সুযোগ পায়। সেমিনারে উপস্থিত ছিলেন আইইউবিএটির কোষাধ্যক্ষ অধ্যাপক সেলিনা নার্গিস, পরীক্ষা নিয়ন্ত্রক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. জাহিদ হোসাইন, রেজিস্ট্রার অধ্যাপক মো. মমতাজুর রহমান, আইইউবিএটি বিজনেস স্কুলের ডিন অধ্যাপক মোজাফ্ফর এ চৌধুরী, স্কুল অব কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের ডিন অধ্যাপক উৎপল কান্তি দাস, মিয়ান গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক সাজল সাহা, আন্তর্জাতিক কার্যালয়ের পরিচালক মো. সাদেকুল ইসলাম, ব্র্যান্ডিং ও গণসংযোগ দপ্তরের পরিচালক মো. আলামিন সিকদার শিহাব এবং আইইউবিএটি র্যাঙ্কিং ইউনিটের পরিচালক হাসানুজ্জামান তুহারসহ বিভিন্ন অনুষদের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের বিশ্বজয়ের স্বপ্ন দেখার আহ্বান এবং আন্তর্জাতিক বৃত্তির সুযোগ কাজে লাগিয়ে নিজেদের শিক্ষা ও কর্মজীবন সমৃদ্ধ করার মতো অনুপ্রেরণামূলক বার্তা সেমিনারে গুরুত্ব পায়। আয়োজকরা আশা প্রকাশ করেন যে এই সেমিনার শিক্ষার্থীদের বৈশ্বিক উচ্চশিক্ষার দ্বার উন্মোচনে সহায়ক ভূমিকা পালন করবে।




