বাংলাদেশের স্মার্টফোন বাজারে নতুন সংযোজন হিসেবে এসেছে ‘হেলিও ৪৭’। দেশীয় এই ব্র্যান্ডটি ইতোমধ্যে ডিজাইন, কর্মক্ষমতা ও টেকসই হওয়ার কারণে বহু মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। সেই ধারাবাহিকতায় এবার তারা বাজারে ছাড়ল তাদের নতুন মডেলটি।

প্রতিষ্ঠানটির সেলস প্রধান মোহাম্মদ আবু সায়েম জানিয়েছেন, বাংলাদেশের ক্রেতাদের সক্ষমতা বিবেচনায় রেখেই সব সময় পণ্য আনে হেলিও। এই ফোনটিও তেমনই একটি ডিভাইস, যা মানুষের প্রতিদিনের কাজকে আরও সহজ করবে বলে দাবি তাদের। একই সাথে এর পারফরম্যান্স নিয়েও কোনো উদ্বেগ থাকবে না।

নতুন এই স্মার্টফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে অ্যান্ড্রয়েড-১৬, ফলে ব্যবহারকারীরা গুগলের সর্বশেষ ফিচারগুলো এবং সহজবোধ্য ইন্টারফেস পাবেন। অ্যান্ড্রয়েড-১৬-এ থাকছে হাইপারফরম্যান্স, অ্যাপ খোলার দ্রুততা এবং উন্নত কাস্টমাইজেশন সুবিধা। ডিভাইসটিতে ৬.৬৭ ইঞ্চির এইচডি+ পাঞ্চ-হোল আইপিএস ডিসপ্লে রয়েছে, যার রিফ্রেশ রেট ১২০ হার্জ। এই বড় স্ক্রিনে ডিসপ্লে ল্যাগ ছাড়াই দৈনন্দিন কাজ চালানো যাবে। ভিউয়িং অ্যাঙ্গেল ভালো হওয়ায় অনলাইন ক্লাস, ভিডিও দেখা কিংবা গেম খেলার সময়ও মিলবে নিমগ্ন অভিজ্ঞতা। উচ্চ রিফ্রেশ রেটের কারণে স্ক্রলিং হবে আরও মসৃণ এবং ভিজ্যুয়াল পারফরম্যান্স থাকবে নির্ভুল। পাঞ্চ-হোল ডিজাইন স্ক্রিনের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করেছে এবং ফোনটিকে দিয়েছে আধুনিক রূপ।

শক্তিশালী পারফরম্যান্সের জন্য হেলিও ৪৭-এ মিডিয়াটেকের ১২ ন্যানোমিটার হেলিও জি৮১ চিপসেট ব্যবহার করা হয়েছে, যার প্রসেসর ২.০ গিগাহার্জ অক্টাকোর। এই সমন্বয় মাল্টিটাস্কিং, অ্যাপের মধ্যে মসৃণ চলাচল এবং ভারী গেম খেলার সময় দ্রুতগতির অভিজ্ঞতা দেবে। ৬ জিবি র‍্যাম থাকায় উচ্চ কর্মক্ষমতা নিশ্চিত হবে এবং মেমোরি ফিউশনের মাধ্যমে র‍্যাম আরও ৬ জিবি পর্যন্ত বাড়ানো যাবে। স্টোরেজ হিসেবে ১২৮ জিবি রম দেওয়া হয়েছে, ফলে অনেক অ্যাপ, ছবি বা ভিডিও রাখা যাবে সহজেই।

ফটোগ্রাফিপ্রেমীদের কথা ভেবে ফোনটিতে ৫০ মেগাপিক্সেলের ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ রাখা হয়েছে, যার অ্যাপারচার এফ/১.৮। এর ফলে ডিএসএলআর-মানের ছবি তোলা সম্ভব বলে দাবি করা হয়েছে। সামনে রয়েছে ৮ মেগাপিক্সেলের ক্যামেরা, যা দিয়ে নিখুঁত সেলফি তোলা এবং মসৃণ ভিডিও কল করা যাবে। ফোনটির ব্যাটারি ৬০০০ এমএএইচ লি-পলিমার, যা সারাদিন নিরবচ্ছিন্ন ব্যবহারের জন্য যথেষ্ট। দ্রুত চার্জিংয়ের জন্য ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্টও রয়েছে।

বৃষ্টি ও ধুলাবালি থেকে সুরক্ষার জন্য হেলিও ৪৭-এ আইপি ৬৪ রেটিং দেওয়া হয়েছে। সংযোগ সুবিধার মধ্যে রয়েছে ফোর-জি/থ্রি-জি/টু-জি, ওয়াইফাই, জিপিএস এবং ওটিজি। নিরাপত্তার জন্য সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলক ফিচার রাখা হয়েছে। এছাড়াও এনএফসি, জি সেন্সর, প্রক্সিমিটি সেন্সর এবং লাইট সেন্সরের মতো সুবিধা রয়েছে। অ্যামারেল্ড গ্রিন, নেভি ব্লু এবং কার্বন ব্ল্যাক এই তিনটি রঙে পাওয়া যাচ্ছে ফোনটি। দাম নির্ধারণ করা হয়েছে ১৭ হাজার ৯৯৯ টাকা এবং সঙ্গে ১৫ মাসের ওয়ারেন্টি দেওয়া হচ্ছে।