সোমবার সকালে রাজধানীর উত্তরায় একটি বাসের ধাক্কায় এক পথচারী নিহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, ঘটনাটি ঘটেছে সকাল ৯টার দিকে উত্তরার ৭ নম্বর সেক্টরের একটি বাসস্ট্যান্ডের কাছে। নিহত ব্যক্তির নাম মো. আব্দুল করিম (৫৫)। তিনি স্থানীয় একটি বস্তিতে থাকতেন। প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটি দ্রুতগতিতে ছিল এবং চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। বাসটি প্রথমে একটি সিএনজি চালিত অটোরিকশাকে ধাক্কা দেয়, তারপর পথচারীকে চাপা দেয়। পরে বাসটি একটি গাছে ধাক্কা মেরে থামে। স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ বাসটি জব্দ করেছে এবং চালককে আটক করেছে। তবে চালকের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।