সম্প্রতি ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের সাথে একটি অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেছে প্রাইম ব্যাংক পিএলসি। এই উদ্যোগের মূল লক্ষ্য হলো বিভিন্ন বয়সী গ্রাহকদের জন্য আন্তর্জাতিক মানের শিক্ষা ও দক্ষতা উন্নয়নের পথ উন্মুক্ত করা, পাশাপাশি একটি অন্তর্ভুক্তিমূলক ও ভবিষ্যৎমুখী কর্মপরিবেশ গড়ে তোলা। প্রাইম ব্যাংকের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
চুক্তির আওতায় প্রাইম ব্যাংকের কর্মীরা ব্রিটিশ কাউন্সিলের আন্তর্জাতিকভাবে স্বীকৃত বিভিন্ন শিক্ষা ও প্রশিক্ষণ কর্মসূচিতে বিশেষ সুবিধা পাবেন। এসব কর্মসূচির মধ্যে রয়েছে যোগাযোগ দক্ষতা, নেতৃত্ব বিকাশ, কর্মক্ষেত্রে সক্ষমতা বৃদ্ধি এবং পেশাগত দক্ষতা উন্নয়ন সংক্রান্ত প্রশিক্ষণ। এছাড়া প্রাইম ব্যাংকের উইমেন ব্যাংকিং ‘নীরা’, স্টুডেন্ট ব্যাংকিং এবং অন্যান্য সেবার গ্রাহকরাও ব্রিটিশ কাউন্সিলের নির্বাচিত সেবায় বিশেষ অফার উপভোগ করতে পারবেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রাইম ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ফয়সাল রহমান, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) এম নাজিম এ চৌধুরী ও সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (এসইভিপি) শায়লা আবেদিন উপস্থিত ছিলেন। অন্যদিকে ব্রিটিশ কাউন্সিলের পক্ষ থেকে ইংলিশ অ্যান্ড এক্সামিনেশনস বিভাগের চিফ রেভিনিউ অফিসার রবিন ক্লার্ক, হেড অব মার্কেট–বাংলাদেশ জুনায়েদ আহমেদ, বিজনেস ডেভেলপমেন্ট ডিরেক্টর তাহনী ইয়াসমিন ও হেড অব বিজনেস ডেভেলপমেন্ট শেহরিন শিবলীসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।


