ফুটবলের বৈশ্বিক আসর ফিফা বিশ্বকাপের সময় উৎসবের আবহে অংশ নিতে আকিজ পাইপস এক ভিন্নধর্মী প্রতিযোগিতার আয়োজন করেছে। প্রতিষ্ঠানটি ‘আকিজ পাইপস ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ নামে এই আয়োজনের কথা জানায়। গতকাল রোববার ঢাকার আকিজ হাউসে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই প্রচারণার ঘোষণা দেওয়া হয়। পাশাপাশি একটি সংবাদ বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়।

প্রতিযোগিতাটির নিয়মকানুন সাধারণ ফুটবল থেকে সম্পূর্ণ ভিন্ন। এখানে পায়ের বদলে প্রতিযোগীদের মুখের ফুঁ দিয়ে বল নিয়ন্ত্রণ করতে হয়। আকিজ পাইপসের তৈরি বিশেষ গেমিং প্ল্যাটফর্মে পাইপের ভেতর দিয়ে ফুঁ দিয়ে বলকে কৌশলে প্রতিপক্ষের গোলপোস্টে পৌঁছানোর চেষ্টা করা হয়। অত্যন্ত সহজ এবং মজার এই খেলায় যে কেউ অংশ নিতে পারবেন বলে আয়োজক কর্তৃপক্ষ জানিয়েছে।

চলমান বিশ্বকাপকে কেন্দ্র করে ফুটবলপ্রেমীদের মধ্যে উচ্ছ্বাস ও উদযাপনের জন্য এই আয়োজন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। ক্যাম্পেইনের অংশ হিসেবে আকিজ পাইপসের চারটি সুসজ্জিত ব্র্যান্ডেড ক্যারাভ্যান দেশের বিভিন্ন বিভাগ ও জেলায় ঘুরে বেড়াবে। এই ক্যারাভ্যানগুলোর মাধ্যমেই প্রতিযোগিতার বিভিন্ন পর্ব অনুষ্ঠিত হবে।

আকিজ পাইপসের প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) পরিতোষ চন্দ্র মিত্র এই উদ্যোগ সম্পর্কে বলেন, ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপের মাধ্যমে একটি সাধারণ পণ্যকে আনন্দ ও উৎসবের অসাধারণ অভিজ্ঞতায় রূপ দেওয়া হয়েছে। এর ফলে ফুটবলপ্রেমীদের সঙ্গে আমাদের সম্পর্ক আরও শক্তিশালী হবে বলে আমি আশা করি।’ প্রতিষ্ঠানটির পক্ষ থেকে আরও বলা হয়, এই প্রতিযোগিতা দেশের ফুটবলপ্রেমীদের জন্য উন্মুক্ত এবং প্রতিটি অঞ্চলে প্রচার চালানো হবে।