একটি পুরোনো বাদামি বাসমতি চালের ব্যাগ, যাতে জিপার লাগিয়ে রাখা আছে হাতে লেখা কিছু পুরোনো কাগজের টুকরো। ৯৬ বছর বয়সী আইলিন চিনের কাছে এগুলো শুধু রান্নার রেসিপি নয়, বরং তাঁর পরিবারের ইতিহাস ও শত বছরের ঐতিহ্যের নিদর্শন। মাত্র পাঁচ বছর বয়সে তাঁর রান্নার যাত্রা শুরু। ১৯৫০-এর দশকে স্বামীর সঙ্গে জ্যামাইকার সেন্ট মেরি এলাকার হাইগেটে একটি বেকারি প্রতিষ্ঠা করেন তিনি, যা ২০০৮ সালে বন্ধ হয়ে যায়। এরপর পরিবারের সঙ্গে ফ্লোরিডার মায়ামিতে চলে আসেন। দেশ বদলালেও নিজের শিকড়ের স্বাদ ভোলেননি এই জ্যামাইকান বংশোদ্ভূত নারী। তাঁর সেই সব রেসিপি, যা একসময় বেকারিকে জনপ্রিয় করেছিল, নাতি লুকাস ওংয়ের পরামর্শে তিন বছর ধরে ক্যামেরার সামনে তৈরি করছেন আইলিন। নাতি সেই ভিডিও বানিয়ে ছাড়ছেন ইন্টারনেটে। আর তাতেই ম্যাজিক ঘটে গেছে। তিনি এখন একজন ইনফ্লুয়েন্সার। কখনো নিখুঁত চকলেট চিপ কুকি, কখনো জ্যামাইকার ঐতিহ্যবাহী খাবার তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো ঝড় তুলেছেন তিনি। সুস্বাদু খাবারে কামড় দিয়ে জ্যামাইকান কথ্য ভাষায় 'মি রাহটিড!' বললেই স্ক্রিনের ওপাশে থাকা লাখো দর্শকের মুখে হাসি ফোটে। ইনস্টাগ্রাম, টিকটক, ইউটিউব ও ফেসবুক মিলিয়ে দাদি-নাতির অনুসারীর সংখ্যা প্রায় ৩০ লাখ। ৯৬ বছর ৮৯ দিন বয়সে আইলিন চিন গড়েছেন এক অবিশ্বাস্য বিশ্ব রেকর্ডও। বিশ্বের সবচেয়ে বয়স্ক জীবিত নারী ফুড ইউটিউবার হিসেবে তাঁর নাম উঠেছে 'গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস'-এর পাতায়। রেকর্ড গড়ার পর উচ্ছ্বসিত আইলিন বলেন, 'পরবর্তী প্রজন্মের কাছে রান্নার এ জ্ঞান পৌঁছে দিতে পারছি, এটাই আমার সবচেয়ে বড় পাওয়া। মানুষ যখন আমার পারিবারিক রেসিপিগুলো দেখে আনন্দ পায়, তখন আমার বুকটা ভরে যায়।'
৯৬ বছর বয়সে ইউটিউব তারকা, রান্নার জাদুতে বিশ্ব রেকর্ড গড়লেন আইলিন চিন
জ্যামাইকান বংশোদ্ভূত ৯৬ বছর বয়সী আইলিন চিন নাতির সহায়তায় রান্নার ভিডিও বানিয়ে ইন্টারনেটে ঝড় তুলেছেন। বিশ্বের সবচেয়ে বয়স্ক জীবিত নারী ফুড ইউটিউবার হিসেবে তাঁর নাম গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে উঠেছে।




