চীনের সাংহাই হাইস্কুলে অনুষ্ঠিত ৬৭তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের (আইএমও ২০২৬) দুই দিনব্যাপী পরীক্ষা পর্ব শেষ হয়েছে। বুধবার প্রথম দিনের পর বৃহস্পতিবার ছিল দ্বিতীয় ও শেষ দিনের পরীক্ষা। সকাল সাড়ে আটটা থেকে বেলা একটা পর্যন্ত এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। আজকের পরীক্ষায় তিনটি প্রশ্ন সমাধান করতে হয়েছে—কম্বিনেটরিকস ও জ্যামিতি মিলিয়ে একটি, বীজগণিত একটি এবং সংখ্যাতত্ত্ব একটি। টানা দুই দিন মোট নয় ঘণ্টার পরীক্ষা শেষে শিক্ষার্থীরা স্বস্তি প্রকাশ করেছেন। শেষ দিনের পরীক্ষা ভালো হয়েছে বলে জানিয়েছেন তারা।

পরীক্ষা শেষ হওয়ার পর বাংলাদেশ দলের দলনেতা ও কোচ ড. মাহবুবুল আলম মজুমদার শিক্ষার্থীদের আবাসন ভেন্যুতে এসে তাদের সঙ্গে সাক্ষাৎ করেন। শিক্ষার্থীদের কাছ থেকে পরীক্ষার অভিজ্ঞতা শুনে তিনি তাদের প্রশংসা করেন। আইএমওর নিয়ম অনুযায়ী পরীক্ষার সময় দলনেতা শিক্ষার্থীদের থেকে আলাদা অন্য একটি হোটেলে অবস্থান করেন। পরীক্ষা শেষ হওয়ার পরই তিনি শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগের সুযোগ পান।

আগামীকাল ১৭ জুলাই থেকে শুরু হবে উত্তরপত্র মূল্যায়নের জটিল প্রক্রিয়া। দুই দিন ধরে চলবে এই কো-অর্ডিনেশন পর্ব। প্রতিটি দেশের শিক্ষার্থীদের খাতা সমান্তরালভাবে দুটি পক্ষ মূল্যায়ন করবে—একদিকে থাকবেন সংশ্লিষ্ট দেশের দলনেতা ও উপদলনেতা, অন্যদিকে আয়োজকদের পক্ষ থেকে নিয়োজিত অভিজ্ঞ গণিতবিদ ও মূল্যায়নকারীরা। উভয় পক্ষ নিজ নিজ মূল্যায়ন শেষে একত্রে বসে প্রতিটি উত্তরের জন্য সহমতের ভিত্তিতে নম্বর চূড়ান্ত করবেন। কোনো প্রশ্নে নম্বরের অমিল থাকলে যুক্তিতর্কের মাধ্যমে তা সমাধান করা হবে। এরপর চূড়ান্ত নম্বর তালিকার ভিত্তিতে সোনা, রুপা, ব্রোঞ্জ ও অনারেবল মেনশন ঘোষণা করা হবে।

পরীক্ষার চাপমুক্ত শিক্ষার্থীদের জন্য শুক্রবার আয়োজন করা হয়েছে সাংহাই ডিজনিল্যান্ডে ভ্রমণের। ২০১৬ সালে চালু হওয়া এই থিম পার্কটি চীনের মূল ভূখণ্ডের প্রথম ডিজনি পার্ক, যেখানে ঐতিহ্যবাহী চীনা সংস্কৃতি ও ডিজনির জাদুকরি গল্পের মেলবন্ধন ঘটেছে। এখানে বিশ্বের বৃহত্তম ডিজনিল্যান্ড দুর্গ অ্যানচ্যানটেড স্টোরিবুক ক্যাসেল এবং ট্রন লাইটসাইকেল পাওয়ার রান রোলারকোস্টারসহ নানা আকর্ষণ রয়েছে। পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান থিমের অত্যাধুনিক প্রযুক্তির রাইড ও ডিজনির জাদুকরি প্যারেড শিক্ষার্থীদের রোমাঞ্চিত করবে।

এবারের প্রতিযোগিতায় বাংলাদেশ দলে রয়েছেন ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী মনামী জামান, ঢাকা ইম্পিরিয়াল কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী জাওয়াদ হামীম চৌধুরী, রাজউক উত্তরা মডেল কলেজের এসএসসি পরীক্ষার্থী এম জামিউল হোসেন, চট্টগ্রাম কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী মো. রায়হান সিদ্দিকী, চট্টগ্রাম ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী মোহাম্মদ মারজুক রহমান ও ময়মনসিংহের আনন্দ মোহন কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী তাহসিন খান। দলনেতা হিসেবে আছেন কোচ মাহবুবুল আলম মজুমদার, উপদলনেতা হিসেবে একাডেমিক সমন্বয়ক অপূর্ব কুমার এবং পর্যবেক্ষক হিসেবে সমন্বয়ক মো. বায়েজিদ ভূঁইয়া।

ডাচ্-বাংলা ব্যাংক পিএলসির পৃষ্ঠপোষকতায় ও প্রথম আলোর সার্বিক ব্যবস্থাপনায় দেশব্যাপী গণিত অলিম্পিয়াড আয়োজন করা হয়। সেখান থেকেই এই ছয় সদস্যের বাংলাদেশ গণিত দল নির্বাচিত হয়েছে। দল নির্বাচন ও সংশ্লিষ্ট একাডেমিক কার্যক্রম পরিচালনা করেছে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি।