চাঁদপুর জেলার ডাকাতিয়া নদীতে ভাসমান অবস্থায় এক স্কুলছাত্রীর মৃতদেহ পাওয়া গেছে। মৃত ওই শিক্ষার্থীর নাম আয়েশা জাহান নামিরা, বয়স মাত্র ১০ বছর। সে স্থানীয় পশ্চিম সেকদী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণিতে পড়ত। মঙ্গলবার সকাল দশটার দিকে চাঁদপুর সদর উপজেলার পশ্চিম সেকদী এলাকায় এই ঘটনা ঘটে। আফজাল খানের ইটভাটার পাশে ডাকাতিয়া নদীর অংশ থেকে নামিরার মৃতদেহ উদ্ধার করেন স্থানীয় লোকজন। তারা তাকে দ্রুত চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক পঙ্কজ কুমার সাহা পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সে পানিতে ডুবে মারা গেছে।

নামিরার পারিবারিক সূত্রে জানা গেছে, সে ফরিদগঞ্জ উপজেলার সাশিয়ালি গ্রামের সৌদি আরব প্রবাসী জসিম উদ্দিনের বড় মেয়ে। তার নানি সুরাইয়া বেগম জানান, বিয়ের দীর্ঘ ১২ বছর পর তাঁর মেয়ে সাবিনা আক্তারের ঘরে নামিরার জন্ম হয়েছিল। সকালে বাড়ি থেকে স্কুলের উদ্দেশে বের হয়েছিল সে। একমাত্র নাতনির এই অকাল মৃত্যুতে পুরো পরিবার শোকস্তব্ধ হয়ে পড়েছে। সুরাইয়া বেগম আরও জানান, নামিরার বাবা আগামী বৃহস্পতিবার সৌদি আরব থেকে দেশে ফিরবেন। তার আসার পরই মেয়ের দাফন সম্পন্ন করা হবে।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফয়েজ আহমেদ বলেন, এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ দায়ের করা হয়নি। তাই ময়নাতদন্ত ছাড়াই আইনানুগ প্রক্রিয়া শেষ করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।