গুলশান-বনানী-বারিধারা লেকের পরিবেশ রক্ষায় কঠোর পদক্ষেপের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার সকালে সচিবালয়ে তাঁর কার্যালয়ে অনুষ্ঠিত এক বিশেষ সভায় পানিদূষণ নিয়ন্ত্রণ এবং বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম জোরদার করার নির্দেশনা দেন তিনি। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু জানান, এ সভায় লেক দূষণমুক্তকরণের সার্বিক অগ্রগতি পর্যালোচনা করা হয়।
সভায় উপস্থিত কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে জানান, লেকের পানি দূষণমুক্ত করতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা ইতোমধ্যে হাতে নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে যেসব ভবনের পয়োবর্জ্য সরাসরি লেকে গিয়ে পড়ছে, তা রোধে জোরালো ব্যবস্থা নেওয়ার ওপর জোর দেওয়া হয়। একইসঙ্গে সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট (এসটিপি) স্থাপনের বিষয়টিও আলোচনায় গুরুত্ব পায়। লেক ও এর সংযুক্ত খালগুলো নিয়মিত পরিষ্কার রাখা এবং পানিপ্রবাহ সচল রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার বিষয়েও বিস্তারিত আলোচনা হয়।
প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট মন্ত্রণালয়, সিটি করপোরেশন ও দায়িত্বপ্রাপ্ত সংস্থাগুলোর সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। কড়াইল বস্তির বর্জ্য যাতে সরাসরি লেকে না পড়ে, সে জন্য কী কর্মপরিকল্পনা গ্রহণ করা যায়, তা নিয়েও আলোচনা হয়। এ লক্ষ্যে সংশ্লিষ্ট সব পক্ষকে নিজ নিজ দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়।
সভায় উপস্থিত ছিলেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান রিয়াজুল ইসলামসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার সচিব এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা।




