রোববার মধ্যরাতে নড়াইলের লোহাগড়া উপজেলার নলদী এলাকায় এক মর্মান্তিক দুর্ঘটনায় বসতঘরের ওপর পাথরবোঝাই ট্রাক উল্টে পড়ে ঘুমিয়ে থাকা এক শিক্ষার্থী প্রাণ হারিয়েছেন। নিহত শামিমা আক্তার (১৭) ওই এলাকার কাঁচামাল ব্যবসায়ী মো. হাফিজার মোল্যার মেয়ে এবং নলদী বিএসএস মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। ঘটনার সময় একই কক্ষে থাকা তার ছোট বোন মিতু খানম (১৩) আহত হয়েছেন।
স্থানীয় সূত্র ও পরিবারের বরাত দিয়ে জানা গেছে, ওই রাতে লোহাগড়া উপজেলার মিঠাপুর থেকে ব্রাহ্মণডাঙ্গায় নির্মাণাধীন একটি সেতুর জন্য পাথর নিয়ে যাচ্ছিল একটি ট্রাক। রাত ১২টার দিকে নলদী এলাকায় পৌঁছালে ট্রাকটি পথ ভুল করে প্রধান সড়ক ছেড়ে একটি সরু রাস্তায় চলে যায়। কিছুদূর যাওয়ার পর ট্রাকটি উল্টে রাস্তার পাশের হাফিজার মোল্যার বসতঘরের ওপর পড়ে যায়। সেসময় ওই ঘরে হাফিজার মোল্যার দুই মেয়ে গভীর ঘুমে ছিলেন। ট্রাকে থাকা পাথরের নিচে চাপা পড়ে তারা গুরুতর আহত হন।
দুর্ঘটনার শব্দ শুনে আশপাশের লোকজন ছুটে আসেন এবং দীর্ঘ সময় ধরে পাথর সরিয়ে শামিমাকে মৃত অবস্থায় এবং মিতুকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করেন। পরে মিতুকে চিকিৎসার জন্য নড়াইল জেলা হাসপাতালে ভর্তি করা হয়। লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিম জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার পরপরই ট্রাকচালক পলাতক রয়েছেন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে এখনো পর্যন্ত পরিবারের পক্ষ থেকে এ বিষয়ে কোনো মামলা দায়ের করা হয়নি।




