কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় একটি বাস ও গরুবোঝাই পিকআপের মধ্যে ভয়াবহ সংঘর্ষে তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন এবং সাতটি গরু প্রাণ হারিয়েছে। সোমবার বিকেল সাড়ে তিনটার দিকে ঢাকা-কিশোরগঞ্জ মহাসড়কের সুখিয়াবাজার এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। নিহত ব্যক্তিরা সবাই পিকআপে করে গরু বহন করছিলেন। তারা হলেন বিল্লাল হোসেন (৩৫), আবু সাইদ (৩৯) ও আবদুস ছোবহান (৩৯)। তাদের বাড়ি নরসিংদী জেলার শিবপুর উপজেলার কুন্দারপাড়া গ্রামে। আহতদের মধ্যে বাসচালকের সহকারীসহ আরও দুজন রয়েছেন। তবে তাদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্ঘটনার শিকার বাসটি অনন্যা ক্ল্যাসিক পরিবহনের, যা ঢাকা-কিশোরগঞ্জ রুটে চলাচল করে। ঘটনার সময় বাসটি ঢাকা থেকে কিশোরগঞ্জ অভিমুখে যাচ্ছিল। অপরদিকে পিকআপটি গরু নিয়ে কিশোরগঞ্জ থেকে নরসিংদীর দিকে যাচ্ছিল। সুখিয়াবাজার এলাকায় ব্র্যাক ব্যাংকের সামনে সড়কে এ দুই যানের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় পিকআপটি সম্পূর্ণ দুমড়েমুচড়ে যায়। সংবাদ পেয়ে পাকুন্দিয়া ফায়ার সার্ভিস ও পুলিশের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান জানান, বাস ও গরুবোঝাই পিকআপের সংঘর্ষে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়েছে। বেশ কয়েকটি গরুও মারা গেছে। তিনি আরও বলেন, এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।