রাজধানীর শেরেবাংলা নগর এলাকার শেওড়াপাড়া সড়কে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন সবুজ রহমান (৩০) নামের এক মোটরসাইকেলচালক। তিনি পেশায় রাইড শেয়ারিংয়ের কাজ করতেন বলে জানা গেছে। গত শনিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে এই ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় জড়িত হিমালয় পরিবহনের বাসটির চালক ও তার সহকারীকে আটক করা হয়েছে।
স্থানীয়রা জানান, দ্রুতগামী বাসটি সবুজকে ধাক্কা দিলে তিনি ছিটকে পড়েন। দুর্ঘটনার পর বাসের একটি চাকা তার হাতের ওপর দিয়ে চলে যায়। এ সময় তার মাথায় থাকা হেলমেটটিও ভেঙে যায়। মোটরসাইকেলের অপর আরোহী সামান্য আহত হয়েছেন।
আহত অবস্থায় স্থানীয় লোকজনের সহায়তায় সবুজকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে রাত সাড়ে ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালে সবুজকে নিয়ে যাওয়া পথচারী সজিব খান জানান, তিনি অফিস থেকে বাসায় ফেরার পথে শেওড়াপাড়া সড়কে একটি জটলা দেখতে পান। স্থানীয় লোকজনের কাছ থেকে তিনি দুর্ঘটনার বিবরণ জানতে পারেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক জানান, নিহত ব্যক্তির মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে। নিহত সবুজ রহমানের বাড়ি নীলফামারী জেলার ডিমলা থানার নাটাবাড়ী গ্রামে। তার পিতার নাম মশিউর রহমান। বর্তমানে তিনি মোহাম্মদপুরে বসবাস করতেন।




