আকিজ রিসোর্স গ্রুপের একটি অঙ্গপ্রতিষ্ঠান নেক্সটজবজ আগামী ১৮ আগস্ট রাজধানীর ফার্মগেটে অবস্থিত কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশের (কেআইবি) মিলনায়তনে ক্যারিয়ার সামিট অ্যান্ড জব ফেয়ার-২০২৬ আয়োজন করবে। প্রতিষ্ঠানটির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এই দিনব্যাপী আয়োজনে অংশ নেবে দেশি ও বহুজাতিক মিলিয়ে এক শতাধিক চাকরিপ্রদানকারী সংস্থা।
আয়োজনটি মূলত দুটি ভাগে বিভক্ত থাকবে। কেআইবি মিলনায়তনে অনুষ্ঠিত হবে ক্যারিয়ার সামিট, যেখানে প্যানেল আলোচনা ও বিভিন্ন অধিবেশনের মাধ্যমে কর্মসংস্থানের বর্তমান ধারা, নেতৃত্ব ও পেশাগত উন্নয়ন নিয়ে আলোকপাত করবেন শিল্প বিশেষজ্ঞ ও ব্যবসায়িক নেতৃবৃন্দ। একই সঙ্গে কনভেনশন হল-১-এ চলবে চাকরি মেলা। সেখানে উপস্থিত প্রতিষ্ঠানগুলো বিভিন্ন পদে সরাসরি সাক্ষাৎকার গ্রহণ করবে এবং নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করবে।
শুধু তাই নয়, চাকরি মেলায় থাকবে নানা ইন্টারঅ্যাকটিভ কার্যক্রম, র্যাফেল ড্র এবং সবার জন্য উন্মুক্ত নেটওয়ার্কিংয়ের সুযোগ। এতে শিক্ষার্থী ও সদ্য স্নাতক থেকে শুরু করে অভিজ্ঞ পেশাজীবী এবং ঊর্ধ্বতন নির্বাহী পর্যায়ের সবাই অংশ নিতে পারবেন। মেলা প্রাঙ্গণে নেক্সটজবজের দক্ষতা উন্নয়ন শাখা 'নেক্সটজবজ লার্নিংল্যাব'-ও উপস্থিত থাকবে। সেখানে দর্শনার্থীরা বিশেষ প্রশিক্ষণ ও সার্টিফিকেশন কর্মসূচিতে অংশ নেওয়ার সুযোগ পাবেন। এই উদ্যোগ শিক্ষার্থীদের প্রতিযোগিতাপূর্ণ চাকরির বাজারে নিজেদের কর্মদক্ষতা বৃদ্ধিতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।
এ ছাড়া নেক্সটজবজ রিসোর্স প্রতিষ্ঠানের হেডহান্টিং, পে-রোল ব্যবস্থাপনা ও স্টাফিং সলিউশন বিভাগ নিয়োগকারী প্রতিষ্ঠানগুলোর জন্য বিশেষ সেবা উপস্থাপন করবে। ঊর্ধ্বতন পর্যায়ের চাকরির সন্ধান করছেন, এমন প্রার্থীদের জন্যও রাখা হয়েছে বিশেষ ব্যবস্থা। ক্যারিয়ার সামিট অ্যান্ড জব ফেয়ার ২০২৬-এ প্রবেশের জন্য আগ্রহীদের নেক্সটজবজ অ্যাপে পূর্বে নিবন্ধন করতে হবে এবং ভেন্যুতে কিউআর কোডের মাধ্যমে চেকইন ব্যবস্থা চালু থাকবে।




