মঙ্গলবার রাজধানীর র‌্যাডিসন হোটেলে বাংলাদেশ অ্যাপারেল ইয়ুথ লিডার্স অ্যাসোসিয়েশন (বায়লা) আয়োজিত ‘বায়লা ফিউচার সামিট–২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন জানান, সরকার দেশের শিল্পখাতে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।

তিনি বলেন, বর্তমানে অনেক শিল্পকারখানায় গ্যাস ও বিদ্যুতের সমস্যা বিদ্যমান এবং সরকার একটি বাস্তবসম্মত সময়সীমার মধ্যে এসব সমস্যার সমাধানে কাজ করছে। মাহদী আমিন আরও উল্লেখ করেন যে, বাংলাদেশের বিনিয়োগ আকর্ষণের প্রধান শক্তিগুলোর মধ্যে রয়েছে তরুণ জনগোষ্ঠী, বিস্তৃত অভ্যন্তরীণ বাজার এবং গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের নীতির ধারাবাহিকতা। তবে এই সম্ভাবনাকে পুঁজি করতে জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকরণ, বন্দর ব্যবস্থাপনার উন্নতি এবং ব্যবসার ব্যয় হ্রাস করাকে জরুরি বলে মনে করেন তিনি।

সরকার কাঠামোগত সংস্কারের অংশ হিসেবে নতুন শিল্পপার্ক স্থাপন, বন্ডেড ওয়্যারহাউস সুবিধা সহজীকরণ, প্রশাসনিক জটিলতা হ্রাস এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে বলে জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা। তিনি উল্লেখ করেন, বিনিয়োগ কেবল অবকাঠামোতে সীমাবদ্ধ নয়, বরং শিক্ষা, স্বাস্থ্যসেবা, দক্ষতা উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে মানবসম্পদে বিনিয়োগের পরিকল্পনা সরকারের রয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্যবস্থাপনা পরিচালক নুজহাত আনোয়ার তাঁর বক্তব্যে উদ্যোক্তাদের ব্যাংকঋণের পাশাপাশি পুঁজিবাজার ব্যবহারের পরামর্শ দেন। তিনি জানান, বর্তমানে বাংলাদেশে করপোরেট অর্থায়নের মাত্র ১ শতাংশ পুঁজিবাজার থেকে আসে, যা বাড়ানোর বিপুল সম্ভাবনা রয়েছে।

অ্যাংকরলিস বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা অংশীদার রাহাত আহমেদ পারিবারিক ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোকে পেশাদার ব্যবস্থাপনায় ‘ফ্যামিলি অফিস’ বা বিনিয়োগ ইউনিট গঠনের আহ্বান জানান। তিনি স্টার্টআপ, প্রাইভেট ইকুইটিসহ সম্ভাবনাময় খাতে বৈচিত্র্যময় বিনিয়োগের ওপর জোর দেন।

পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান ও সিইও এম মাসরুর রিয়াজ দেশের তৈরি পোশাক খাতের রপ্তানি ১০০ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করার লক্ষ্যে ছয় দফা রোডম্যাপ উপস্থাপন করেন। তিনি সতর্ক করে বলেন, সীমিত পণ্য ও বাজারের ওপর অতিনির্ভরতা নতুন ঝুঁকি তৈরি করছে এবং এই ঝুঁকি মোকাবিলায় বৈচিত্র্যকরণ জরুরি।

এ ছাড়া বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের সভাপতি ফজলে শামীম এহসান ও পিউব্লিউসি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজিং পার্টনার শামস জামান অনুষ্ঠানে বক্তব্য রাখেন। সম্মেলনে নীতিনির্ধারক, শিল্প উদ্যোক্তা ও তরুণ ব্যবসায়ী নেতারা পোশাকশিল্পের ভবিষ্যৎ, প্রতিযোগিতা সক্ষমতা, প্রযুক্তি, বিনিয়োগ ও টেকসই প্রবৃদ্ধি নিয়ে আলোচনা করেন।

প্রথমবারের মতো বায়লা বাস্তবধর্মী ব্যবসায়িক সমস্যা সমাধান প্রতিযোগিতা ‘বায়লা ফিউচার লিডারস’ আয়োজন করে, যাতে দেশের ১০০টির বেশি বিশ্ববিদ্যালয়ের দল অংশ নেয়। চূড়ান্ত পর্বে নর্থ সাউথ ইউনিভার্সিটি, ব্র্যাক ইউনিভার্সিটি, ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের দল বিজয়ী হয়। বিজয়ীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এবং বিশেষ অতিথি ছিলেন বিজিএমইএর সাবেক সভাপতি ফারুক হাসান।