রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের স্মরণে এবং বর্ষাকে স্বাগত জানিয়ে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)-এ অনুষ্ঠিত হলো বিশেষ সাংস্কৃতিক আয়োজন ‘রবীন্দ্র-নজরুল স্মরণ ও বর্ষাবন্দনা ১৪৩৩’। বৃহস্পতিবার রাজধানীর মোহাম্মদপুরে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের ফোরাম হলে বাংলা ভাষা ও সাহিত্য বিভাগ এই অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের উপদেষ্টা অধ্যাপক শামীম রেজা। তিনি বলেন, এই ধরনের আয়োজন কেবল রবীন্দ্রনাথ ও নজরুলকে স্মরণ করার মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং শিক্ষার্থীদের মধ্যে সৃজনশীলতা, সাংস্কৃতিক চর্চা এবং মানবিক মূল্যবোধ বিকাশের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে কাজ করে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউল্যাবের উপাচার্য অধ্যাপক সামসাদ মর্তূজা। তিনি তাঁর বক্তব্যে রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের সাহিত্যকর্ম, মানবিক দর্শন এবং তাঁদের সৃষ্টির চিরন্তন প্রাসঙ্গিকতা নিয়ে আলোকপাত করেন।

অনুষ্ঠানের মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্রের কর্নেল ইউনিভার্সিটির দ্য ল্যাঙ্গুয়েজ রিসার্চ সেন্টারের একাডেমিক প্রোগ্রাম কো-অর্ডিনেটর আহমেদ শামীম। তিনি ‘আমার রবীন্দ্রনাথ ও আমার নজরুল’ শীর্ষক আলোচনায় ব্যক্তিগত জীবন, পাঠ ও চিন্তাজগতের প্রেক্ষাপটে রবীন্দ্রনাথ ও নজরুলকে উপস্থাপন করেন।

অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল প্রখ্যাত নজরুলসংগীতশিল্পী ফেরদৌস আরার সংগীত পরিবেশনা। এছাড়াও শিক্ষার্থীদের অংশগ্রহণে রবীন্দ্রনাথ ও নজরুলের কবিতা আবৃত্তি, একক ও দলীয় সংগীত, নৃত্য এবং বর্ষাকেন্দ্রিক বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা প্রদর্শিত হয়। শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী ও সংস্কৃতিপ্রেমীদের উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।